সম্পূরক শুল্ক প্রত্যাহার চান স্থানীয় রং উৎপাদকেরা
স্থানীয় রং উৎপাদকরা ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার চান। উৎপাদকেরা বলছেন, স্থানীয় রং উৎপাদকদের সুরক্ষা দিতে এই শিল্পের কাঁচামালের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহার করা উচিত। যুক্তি হিসেবে তাঁরা দেখিয়েছেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, পরিবহন, প্যাকেজিং খরচ বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এখন তাঁদের উৎপাদন-ব্যয় অনেক বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এই প্রস্তাব দাখিল করেছে বাংলাদেশ পেইন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (রং উৎপাদক সমিতি)। আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে রং উৎপাদকদের প্রস্তাবটি বিবেচনা করা হতে পারে বলে এনবিআর কর্মকর্তারা জানান।সমিতি সূত্রে জানা গেছে, বাংলাদেশে রং উৎপাদন শিল্পের আকার প্রায় এক হাজার ৫০০ কোটি টাকার। দেশীয় ৩৫টি কোম্পানি রং উৎপাদন করে। আর গত অর্থবছরে স্থানীয় রং উৎপাদন প্রতিষ্ঠানগুলো প্রায় ৩০০ কোটি টাকা রাজস্ব দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, রং আর বিলাসজাত পণ্য নয়, আর এটা বিভিন্ন ধরনের অবকাঠামোকে সুরক্ষা দেয়। এ ছাড়া ভবনের নির্মাণ, শিল্পের যন্ত্রপাতি স্থাপন, যানবাহন ও বিভিন্ন যন্ত্রপাতির সুরক্ষা দিতে রং ব্যবহার করা হয়। সমিতির প্রস্তাবে আরও বলা হয়েছে, ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক বাজারে রং উৎপাদনের কাঁচামালের দাম বাড়ছে। ২০১১ সালে দুইবার ভোক্তা পর্যায়ে রঙের দাম বাড়ানো হয়েছে। এর ফলে ক্রমবর্ধমান কাঁচামালের দাম বাড়ায় ভোক্তাদের সাশ্রয়ী দামে রং দিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার দরকার। এ ছাড়া পরিবহন-ব্যয়, মোড়কজাতকরণ ও পরিবেশনা ব্যবস্থায় খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে দাম বাড়ছে। সমিতি বলছে, খরচ বাঁচাতে রং উৎপাদকেরা ভোক্তা পর্যায়ে দাম বাড়াতে বাধ্য হচ্ছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা পাশের দেশগুলো থেকে চোরাচালানের মাধ্যমে নিম্ন মানের রং আনছে। এটাও স্থানীয় রংশিল্প বন্ধ করে দেওয়ার কারণ হতে পারে।