সম্প্রসারণ উৎকর্ষ ও অন্তর্ভুক্তি নিয়ে এগোবে এনসিসি

ব্যবসা সম্প্রসারণ, উৎকর্ষ সাধন এবং আর্থিক অন্তর্ভুক্তির কৌশল নিয়ে বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক এগোতে চায়। এ লক্ষ্যে একটি পঞ্চবার্ষিকী কৌশলও তৈরি করেছে ব্যাংক।
ব্যাংকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এসব তথ্য তুলে ধরেন ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম হাফিজ আহমেদ।
এ সময় ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম, ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনুদ্দিন মোনেম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক এম এ আউয়াল, খায়রুল আলম চাকলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
হাফিজ আহমেদ বলেন, বর্তমানে তাঁদের ব্যাংকের ১০১টি শাখা রয়েছে। এ বছর আরও ১০টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সম্প্রসারণ, মানোন্নোয়ন বা উৎকর্ষ সাধন ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে এনসিসি ব্যাংক এগিয়ে যেতে চায়।
এক প্রশ্নের জবাবে হাফিজ আহমেদ বলেন, ঋণের সুদের হারের ক্ষেত্রে বড় বাধা হচ্ছে খেলাপি ঋণ ও অবলোপন করা ঋণ। এগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলেই একক অঙ্কে সুদের হার নামিয়ে আনার আশার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।
পরে অপর প্রশ্নের জবাবে চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম যোগ করেন, এককভাবে ঋণের সুদের হার বা আমানতের সুদের হার কমানো যাবে না। সরকার তার বিভিন্ন সঞ্চয় উপাদানের সুদ হার কমালে ও কোম্পানি কর কমিয়ে আনলে সুদের হারও কমে আসবে। খেলাপি ঋণ, চট্টগ্রামসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের টাকা আটকে পড়া ঋণগুলো গুটিয়ে আনতে পারলে দ্রুত সুদের হার কমবে বলে যোগ করেন তিনি।
সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালে ব্যাংকটির আমানতে ৬ শতাংশ, ঋণ ও অগ্রিমে ১২ শতাংশ এবং আমদানি বাণিজ্যে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।