সম্ভাবনা অনুযায়ী বাড়ছে না মুঠোফোন অ্যাপের বাজার
স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে অ্যাপ্লিকেশন বা অ্যাপসের ব্যবহার। চাহিদা থাকায় অনেক দেশীয় প্রতিষ্ঠান এখন মুঠোফোন অ্যাপসের উন্নয়ন ও বাজারজাত করছে। তবে লাখ লাখ টাকা খরচ করে বানানো এসব অ্যাপ বিক্রির সহজ কোনো উপায় দেশে নেই। বেশির ভাগ লোকের আন্তর্জাতিক ক্রেডিট না থাকা এবং মুঠোফোনে থাকা টাকা বা ব্যালান্স (এয়ারটাইম) দিয়ে ৫০ টাকার বেশি দামের অ্যাপ কেনার সুযোগ না থাকায় সম্ভাবনাময় বাজারটি বড় হচ্ছে না বলে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
স্মার্টফোনে কমপক্ষে তিন ক্লিকে নানা ধরনের তথ্যসেবা পেতে যে সফটওয়্যার ব্যবহৃত হয়, তাকেই অ্যাপস বা অ্যাপ্লিকেশন বলে। কিছু অ্যাপস স্মার্টফোনে আগে থেকেই প্রবেশ করানো থাকে, যেগুলো বিনা মূল্যে ব্যবহার করা যায়। আর কিছু অ্যাপস অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগলের প্লে স্টোর, অ্যাপলের আইফোনের জন্য অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হয়।
প্রযুক্তি উদ্যোক্তারা বলছেন, দেশীয় বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান গুগল প্লে বা অ্যাপল স্টোরের মাধ্যমে অ্যাপ বিক্রি করতে চাইলেও বেশির ভাগ গ্রাহকের ডলারে লেনদেনযোগ্য ক্রেডিট কার্ড না থাকায় এই পদ্ধতিতে তেমন বিক্রি হচ্ছে না। এ ছাড়া মুঠোফোনের ব্যালান্স দিয়ে মাত্র ৫০ টাকা পর্যন্ত দামের অ্যাপ কেনার যে ব্যবস্থা আছে, তা কোনোভাবেই উদ্যোক্তাদের কাজে আসছে না। কারণ ৫০ টাকা বা এর কম দামে কোনো মানসম্পন্ন অ্যাপ কিনতে পাওয়া যায় না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বছর এক অনুষ্ঠানে ৫০ টাকায় কোনো অ্যাপ কিনতে পাওয়া যায় না বলে মন্তব্য করেন।
মুঠোফোনের ব্যালেন্স ব্যবহার করে অ্যাপ কেনার সর্বোচ্চ সীমা ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার জন্য অনেক দিন ধরে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত ৯ মার্চ বাংলাদেশ ব্যাংকে একটি প্রস্তাবনা পাঠায়। বিটিআরসির প্রস্তাবনায় বলা হয়, দেশি ও আন্তর্জাতিক বর্তমান বাজার বিবেচনা করে দেখা যায়, যেসব অ্যাপ কিনে ব্যবহার করতে হয়, সেগুলোর বাজারমূল্য গড়ে ১০ থেকে ১৫ ডলার। দেশীয় উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করার জন্য মোবাইলের টক টাইম ব্যবহার করে অ্যাপ কেনার সীমা ৫০ টাকা থেকে ১ হাজার টাকা করা যেতে পারে। প্রস্তাবনাটি অনুমোদনের জন্য বিভিন্ন পর্যায় থেকে তাগাদা দেওয়া হলেও বাংলাদেশ ব্যাংক এখনো তা অনুমোদন করেনি।
গুগল ডেভেলপার গ্রুপ বাংলাদেশের উপদেষ্টা আরিফ নিজামি প্রথম আলোকে বলেন, মুঠোফোনের মাধ্যমে অ্যাপ কেনার বিষয়টি নিশ্চিত হলে খুব দ্রুতই খাতটি এগিয়ে যাবে। কেননা, এ দেশের বেশির ভাগ মানুষের ক্রেডিট কার্ড চালানোর আগ্রহ বা সক্ষমতা নেই। মুঠোফোনের মাধ্যমে যদি বিল সেবা পরিশোধ করা যায়, তাহলে কেন অ্যাপ কেনা যাবে না, এ বিষয়টি কারও বোধগম্য নয়।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা নেই। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) হিসাব অনুযায়ী, তাদের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান এখন শুধু মুঠোফোন অ্যাপস তৈরির কাজ করছে। এ ছাড়া আরও ১০০ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আছে, যাদের মুঠোফোন অ্যাপসভিত্তিক সফটওয়্যার তৈরির ক্ষমতা রয়েছে। এর বাইরে ব্যক্তি পর্যায়ে অনেকেই ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপস তৈরি করছেন। সব মিলিয়ে বাংলাদেশে এখন কমপক্ষে ৫০০ কোটি টাকার অ্যাপ বাজার তৈরি হয়েছে।
২০০৯ সাল থেকে দেশে মুঠোফোন অ্যাপ তৈরি করছে মাল্টিমিডিয়া কমিউনিকেশনস অ্যান্ড কনটেন্ট (এমসিসি) লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আশ্রাফ আবির বলেন, গুগল বা অ্যাপল প্লে স্টোর থেকে অ্যাপস কেনার বিষয়টি সারা বিশ্বে মুঠোফোন অপারেটরদের বিলিংয়ের সঙ্গে যুক্ত। বাংলাদেশে এখনো বিষয়টি সেভাবে কাজ করে না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, বেসিস—সবাই মিলে একটি সমন্বিত সিদ্ধান্তে আসা উচিত।