সম্ভাব্য সিআইপিদের আয়কর ফাইল দেখছে এনবিআর
সম্ভাব্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) আয়কর ফাইল খতিয়ে দেখা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাঁদের ব্যক্তিগত আয়কর ফাইলের পাশাপাশি প্রতিষ্ঠানের ফাইলও দেখা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআর সম্ভাব্য ব্যক্তি ও তাঁদের প্রতিষ্ঠান করখেলাপি কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করছে। প্রথম দফায় পাঁচজন ব্যক্তি ও ১৪টি প্রতিষ্ঠানের আয়কর ফাইল যাচাই-বাছাই করা হয়েছে। ২০১০ সালের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় প্রায় শতাধিক ব্যক্তির নামের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে। সাধারণত করখেলাপি ও ঋণখেলাপিদের সিআইপি মর্যাদা দেওয়া হয় না। তাই এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের কাছে প্রাথমিক তালিকায় থাকা ব্যক্তি এবং তাঁদের প্রতিষ্ঠানের কর ও ঋণ খেলাপসংক্রান্ত তথ্য জানতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। ২০১০ সালের জন্য নির্বাচিত সিআইপিরা ২০১২ সালের ১ জানুয়ারি থেকে এক বছরের জন্য সিআইপি সুবিধা ভোগ করবেন। গত জানুয়ারি মাসে প্রাথমিক তালিকায় থাকা পাঁচ ব্যক্তি এবং ১৪টি প্রতিষ্ঠান করখেলাপি কি না, তা জানতে চেয়ে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এতে ২০০৯ সালের ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর ফাইল খতিয়ে দেখার অনুরোধ করা হয়। চিঠি পাওয়ার পরপরই আয়কর বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠীর পরিচালকদের আয়কর ফাইল সার্কেল অফিস থেকে নিয়ে আসে। এরপর গত কয়েক বছরের আয়কর বিবরণী পর্যালোচনা করে দেখেন আয়কর কর্মকর্তারা। ইতিমধ্যে এই করখেলাপি-সংক্রান্ত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে আয়কর বিভাগ। প্রতিবেদন অনুযায়ী, তালিকার পাঁচ ব্যক্তির মধ্যে দুজনের কাছে করের দাবিদার কর কর্তৃপক্ষ। আর ১৪ প্রতিষ্ঠানের মধ্যে আটটির কাছেও কর পাওনা রয়েছে এনবিআর। কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের আয়কর পরিশোধ করা থাকলেও ওই প্রতিষ্ঠানের পরিচালকদের কাছে কর পাওনা রয়েছে। আবার ব্যক্তি পর্যায়ে কর পরিশোধ করা থাকলেও প্রতিষ্ঠানের কাছে কর বকেয়া রয়েছে। এনবিআরের বকেয়া কর দাবির পরিপ্রেক্ষিতে আপিল দায়ের করেছেন বেশ কয়েকজন। আবার অনেকের বিরুদ্ধে আয়কর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যেমন, পোশাক খাতের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে তিন করবর্ষে এনবিআরের পাওনা তিন কোটি চার লাখ ৪৯ হাজার ৪৮২ টাকা। ওই ব্যক্তি কর দাবির বিরুদ্ধে আপিল করেছেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেসব ব্যক্তি করখেলাপি কি না জানতে চাওয়া হয়েছে তাঁরা হলেন—ডিজাইটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম, এসএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কে আনোয়ারুজ্জামান, নর্দার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহিম হাসান, কটন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহিন মাহমুদ এবং মেসার্স জামাল উদ্দিন টেক্সটাইল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন। প্রতিষ্ঠানগুলো হলো—দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, গ্রিন ট্রেড হাউস, নিট কনসার্ন লিমিটেড, আনোয়ারা ড্রেস মেকার্স, কটন কনসার্ন (বিডি) লিমিটেড, আজমাত অ্যাপারেলস লিমিটেড, ডিজাইনটেক্স সোয়েটার্স লিমিটেড, এসএম কার্টন অ্যাক্সেসরিজ লিমিটেড, নর্দার্ন করপোরেশন লিমিটেড, কটন ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, কটন লাইন (বিডি) লিমিটেড, প্যাসিফিক কটন লিমিটেড, বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জামাল উদ্দিন টেক্সটাইল (প্রা.) লিমিটেড। এনবিআরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, যেকোনো রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে গেলে রাষ্ট্রের পাওনা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য প্রতিবছরই সিআইপি নির্বাচনের সম্ভাব্য মনোনীতদের আয়কর ফাইলের হালনাগাদ পরিস্থিতি জানতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিবছর বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিআইপি ঘোষণা করা হয়। সাধারণত রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্যই সিআইপি মর্যাদা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সর্বশেষ সিআইপি-২০০৯-এ রপ্তানি খাতে অবদানের জন্য ৪৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই মর্যাদা দেওয়া হয়। বাকি ৩২ জনকে পদাধিকারবলে সিআইপি ঘোষণা করা হয়।