সম্মাননা পাবেন প্রতি জেলার নারী ও তরুণ করদাতারা
এবার প্রতি জেলা থেকে একজন করে নারী ও তরুণ করদাতাকে পুরস্কার দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের পুরস্কার নীতিমালা সংশোধন করে এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি। গত বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
প্রতিবছর কর মেলার সময় সারা দেশের প্রতিটি জেলা থেকে পাঁচজন করদাতাকে সম্মাননা দেওয়া হয়। প্রতি জেলার সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন এবং দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী দুজনকে এ সম্মাননা দেয় এনবিআর। কিন্তু এবার সম্মাননা দেওয়ার নীতিমালা পরিবর্তন করা হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, প্রতি জেলার সর্বোচ্চ করদাতা আগের মতোই সম্মাননা পাবেন। এ বাইরে নারী করদাতাদের মধ্যে যিনি সর্বোচ্চ করদাতা, তিনি সম্মাননা পাবেন। এ ছাড়া ৪০ বছরের কম বয়সী পুরুষ করদাতাদের মধ্যে সর্বোচ্চ করদাতাকে সম্মাননা দেওয়া হবে।
এ ছাড়া দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী ক্যাটাগরির জন্য যখন বিবেচনা করা হবে, তখন পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে কেউ এ সম্মাননা পেলে তিনি বাছাইয়ে বাদ পড়বেন। সর্বোচ্চ করদাতা বাছাইয়ের ক্ষেত্রে ওই করদাতাকে পূর্ববর্তী তিন বছর এবং দীর্ঘ সময় কর প্রদানকারীর ক্ষেত্রে পূর্ববর্তী ১৫ বছর নিয়মিত করদাতা হতে হবে।
তবে কর বকেয়া থাকলে কোনো করদাতা এনবিআরের সম্মাননার জন্য বিবেচিত হবেন না। এ ছাড়া করদাতার কর-সংক্রান্ত মামলা আদালত কিংবা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলে কিংবা কোনো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে তাঁকেও বাছাইয়ে বাদ দেওয়া হবে। আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কিংবা সাজা ভোগের প্রথম পাঁচ বছর কোনো করদাতা এ মনোনয়নের জন্য বিবেচিত হবেন না। আবার কোনো ঋণখেলাপিও পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
প্রতি জেলার পাশাপাশি একইভাবে দেশের সিটি করপোরেশনগুলোর করদাতাদেরও সম্মাননা দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত করদাতা একটি ক্রেস্ট, সনদ, পরিচিতি কার্ড পাবেন। এ ছাড়া জেলা ও সিটি করপোরেশন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পাবেন।