
পঞ্চমবারের মতো দেশের সেরা পাঁচ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। দেশের ১০১টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্য থেকে বিভিন্ন মাপকাঠিতে জুরিবোর্ডের মতামতের ভিত্তিতে এই পাঁচ প্রতিষ্ঠান ‘বছরের সেরা রপ্তানিকারক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
রপ্তানিকে উৎসাহিত করতে ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়াডর্স’-এর আয়োজন করা হচ্ছে। এ বছর এই আয়োজনের কৌশলগত অংশীদার ছিল দেশের দুই শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার।
ঢাকার র্যা ডিসন হোটেলে গত শুক্রবার রাতে জমকালো আয়োজনের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর হাতে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এতে আরও বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওয়া দ্য ম্যারিকো ও করপোরেট বিভাগের প্রধান ভুবনেশ খান্না।
সেরা পাঁচ রপ্তানিকারক নির্বাচনের জন্য এ বছর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় উচ্চপর্যায়ের বিচারক দল। যে দলে আরও ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল করিম, আইনজীবী নিহাদ কবীর এবং নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শামীম উল হক।
বিজয়ী যারা: সেরা রপ্তানিকারক নির্বাচনের জন্য পাঁচটি শ্রেণি নির্ধারণ করা হয়। তৈরি পোশাক ও বস্ত্র খাতের যেসব প্রতিষ্ঠানের বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি মার্কিন ডলারের বেশি, সেসব প্রতিষ্ঠানকে ‘এ’ শ্রেণিভুক্ত করা হয়। এই শ্রেণিতে বছরের সেরা রপ্তানিকারকের সম্মাননা পেয়েছে ডিবিএল গ্রুপ।
একই খাতের যেসব প্রতিষ্ঠানের বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি ডলারের কম, তাদের জন্য ছিল ‘বি’ শ্রেণি। এতে সেরা রপ্তানিকারকের সম্মাননা পেয়েছে ইপিলিয়ন গ্রুপ।
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ইপিজেড এন্টারপ্রাইজেস’ শ্রেণিতে সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে প্যাসিফিক জিন্স গ্রুপ।
সনাতন ও উদীয়মান প্রতিষ্ঠানের মধ্যে যাদের বার্ষিক আয় ৫০ লাখ ডলার বা তার বেশি, তাদের জন্য ছিল ‘সনাতন ও উদীয়মান’ শ্রেণি। এতে সেরা রপ্তানিকারক হয়েছে পিকার্ড বাংলাদেশ।
৫০ লাখ ডলারের কম বার্ষিক রপ্তানি আয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প শ্রেণিতে বছরের সেরা রপ্তানিকারকের সম্মাননা পেয়েছে এগ্রোকাগ্রি কমোডিটিজ।
উল্লেখ্য, এদের মধ্যে ডিবিএল গ্রুপ ও প্যাসিফিক জিন্স তৃতীয়বারের মতো এইচএসবিসির পুরস্কারটি পেয়েছে।
অনুষ্ঠানে সেরা রপ্তানিকারক নির্বাচিত হওয়া প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর ওপর নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তাতে জানানো হয়, ১৯৯১ সালে মাত্র ১০০ কর্মী ও ৩০-৩৫টি মেশিন নিয়ে যাত্রা শুরু করে ডিবিএল গ্রুপ। শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের ৪৫টি দেশে পণ্য রপ্তানি করে।
২০০ কর্মী ও ৪০টি মেশিন নিয়ে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ইপিলিয়ন গ্রুপ বর্তমানে ১০টির বেশি দেশে পণ্য রপ্তানি করে।
চট্টগ্রাম ইপিজেডে ১৯৮৪ সালে ৭০০ কর্মী নিয়ে যাত্রা শুরু করা প্যাসিফিক জিন্সের বর্তমান কর্মীসংখ্যা প্রায় ২৫ হাজার। বিশ্বের ২৫টির বেশি দেশে এটির উৎপাদিত পণ্য রপ্তানি হয়।
পিকার্ড বাংলাদেশ চামড়াজাত বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের ৬৫ শতাংশই রপ্তানি হয় জার্মানিতে।
২০১১ সালে যাত্রা শুরু করা এগ্রোকাগ্রি কমোডিটিজ বিশ্বের ছয়টির বেশি দেশে আলু রপ্তানি করে থাকে।
ডিবিএল গ্রুপের এমডি এম এ জব্বার, ইপিলিয়ন গ্রুপের এমডি রিয়াজ উদ্দিন আল মামুন, প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ এম তানভির, পিকার্ড বাংলাদেশের এমডি সাইফুল ইসলাম এবং এগ্রোকাগ্রি কমোডিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল হামিদ অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন। এ সময় তাঁরা ব্যবসার পাশাপাশি নিজেদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও শ্রমিককল্যাণের কথা তুলে ধরেন।
বক্তব্য: অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের মতো গরিব দেশে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখে রপ্তানি। এ দেশে যে শ্রমশক্তি রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি না হলেও খুবই বুদ্ধিমান। তারা সহজেই যেকোনো বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।’ তিনি আরও জানান, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
গভর্নর আতিউর রহমান বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পুনর্বাসনে জাপানি দাতা সংস্থা জাইকার সহায়তায় বাংলাদেশ ব্যাংক এক বিলিয়ন ইয়ানের একটি তহবিল গঠন করতে যাচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে দুই সংস্থার মধ্যে সমঝোতা চুক্তিও হয়েছে।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রান্সওয়া দ্য ম্যারিকো বলেন, বাংলাদেশি রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদানের পাশাপাশি সারা বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ড হিসেবে পরিচিত করছেন। রপ্তানিকারকদের এ অবদানকে স্বীকৃতি দিতে পেরে এইচএসবিসিও গর্ব অনুভব করছে।
সম্মাননা অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তুলতে সংক্ষিপ্ত এক ফ্যাশন শো ও জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তির আয়োজন করা হয়।
রপ্তানির আর্থিক মূল্য, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, সুশাসন, সামাজিক দায়বদ্ধতা, ব্যবসা পরিচালন নীতি, পরিবেশগত দিকসহ বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করে বিচারক দল সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নির্ধারণ করেন।