সম্মানী বেড়ে ছয় গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের সর্বোচ্চ মাসিক সম্মানী ৩০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এক প্রজ্ঞাপনে বলেছে, চেয়ারম্যানদের সর্বোচ্চ মাসিক সম্মানী হবে ৩০ হাজার টাকা। বর্তমানে এ সম্মানী ৫ হাজার টাকা। এ হিসাবে তাঁদের মাসিক সম্মানী পাঁচ গুণ বেড়েছে। তবে প্রত্যেক পর্ষদ বৈঠকে অংশ নেওয়ার জন্য তাঁরা যে সম্মানী পেতেন, তা-ও বহাল রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ সবকিছু বিবেচনা করে মাসিক সম্মানী নির্ধারণ করবে। তবে অবশ্যই তা সর্বোচ্চ সীমার মধ্যে থাকতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিজ নিজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের আকার, আয়তন, লাভ-লোকসানের পরিস্থিতি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে সর্বোচ্চ সীমার মধ্যে চেয়ারম্যানদের মাসিক সম্মানী নির্ধারণ করবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যানের সম্মানী একই হওয়া উচিত হবে কি না, তাঁরাই নির্ধারণ করবেন।
সরকারি খাতের ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আইসিবির চেয়ারম্যান মজিবউদ্দীন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, এত দিন নামমাত্র পাঁচ হাজার টাকা সম্মানী দেওয়া হতো। অনেক দেরিতে সরকার এই পরিমাণটা বাড়াল।
সম্মানী বাড়ানোর সঙ্গে সঙ্গে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের কর্মকাণ্ডের জবাবদিহিও বাড়বে কি না, জানতে চাইলে মো. ইউনুসুর রহমান বলেন, অবশ্যই। আর আগের তুলনায় চেয়ারম্যানদের জবাবদিহি বেড়েছেও। তাঁদের দায়িত্বও বেড়েছে।