সম্মিলিতভাবে কাজ করবে বিবি, ফেড ও সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভের অর্থ চুরি
রিজার্ভের অর্থ চুরি

ত্রিপক্ষীয় বিবৃতি: অর্থ উদ্ধার ও প্রতারক চক্রকে আইনের আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড) ও সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) অর্থ উদ্ধারে সম্মিলিতভাবে কাজ করবে।
নিউইয়র্কে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক, ফেড ও সুইফটের মধ্যে ত্রিপক্ষীয় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছে ফেড ও সুইফট। পরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও একই বিবৃতি প্রকাশ করা হয়।
ত্রিপক্ষীয় এ সভায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় প্রতারক চক্রকে আইনের আওতায় আনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও আইনজীবী আজমালুল হোসেন কিউসি প্রতিনিধিত্ব করেন।

লিখিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে এ বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া সাইবার জালিয়াতি নিয়ে বাংলাদেশ ব্যাংক, নিউইয়র্ক ফেড ও সুইফটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ১৬ আগস্ট নিউইয়র্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপক্ষীয় এ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং-সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়, এ ধরনের প্রতারণা ঠেকাতে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ইতিমধ্যে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। সবাই যথাশিগগির সম্ভব অর্থ উদ্ধারে সুদৃঢ়ভাবে কাজ করতে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহযোগিতায় প্রতারক চক্রকে আইনের আওতায় আনার বিষয়ে সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে। ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এ ধরনের আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে সবার একযোগে কাজ করার কথাও উঠে আসে এ বৈঠকে।

 অর্থ উদ্ধারে তৎপরতা চালাতে যুক্তরাষ্ট্র অবস্থান করছে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি এখন ফিন্যান্সিয়াল ক্রাইম এনফোর্সমেন্ট নেটওয়ার্ক, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস, দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সঙ্গেও সভা করবে।

এদিকে রিজার্ভ চুরির ঘটনায় আইনি পদক্ষেপে যাওয়া থেকেও সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এর পরিবর্তে ফেড ও সুইফটের কাছে অর্থ আদায়ে সহযোগিতা আশা করছে। যদিও ফেড নিউইয়র্কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও সুইফটের ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে।