গন্তব্যে পৌঁছার সময় ২৪ ঘণ্টা থেকে কমে ১৫ ঘণ্টায় নেমেছে
সময় কমলেও বাড়েনি রেলপথে কনটেইনারে পণ্য পরিবহন
পণ্য পরিবহনের সময় এক-তৃতীয়াংশ কমলেও রেলপথে কনটেইনার পরিবহন বাড়ছে না। উল্টো পণ্য পরিবহন কমে গেছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চার মাসে রেলপথে কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামের চিনকি আস্তানা থেকে কুমিল্লার লাকসাম এবং আখাউড়া থেকে ঢাকা পর্যন্ত রেললাইন ডাবল হয়েছে। তাতে কনটেইনারবাহী ট্রেনের গন্তব্যে পৌঁছার সময় (পরিচালন সময়) ২৩-২৪ ঘণ্টা থেকে ১৫-১৬ ঘণ্টায় নেমে এসেছে। অর্থাৎ পণ্য পরিবহনের সময় আট ঘণ্টা বা এক-তৃতীয়াংশ কমেছে। এরপরও রেলপথে কনটেইনার পরিবহন কমে গেছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি কমার কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হয়ে যাওয়ায় অনেকে এখন সড়কপথে পণ্য পরিবহন করছে। রেলপথে কনটেইনার পরিবহন বাড়ানোর জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে রেল কর্তৃপক্ষের যোগাযোগ হচ্ছে, যাতে রেলপথে কনটেইনার পরিবহন ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশে উন্নীত করা যায়।
ফিরোজ সালাহ উদ্দিন আরও বলেন, সড়কপথে কনটেইনার পরিবহন বাড়লে ঢাকা-চট্টগ্রাম চার লেনের রাস্তা টেকানো যাবে না। এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে রেলপথ মন্ত্রণালয় সমন্বয় বৈঠক করবে। ওই বৈঠকে সড়কপথে কনটেইনার পরিবহনের ব্যাপারে কিছু বিধিনিষেধ আসতে পারে। এরপর আমদানি ও রপ্তানিকারকেরা রেলপথে কনটেইনার পরিবহন করলে প্রবৃদ্ধি ও আয় দুটোই বাড়বে।
রেলওয়ে সূত্র জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চার মাসে পূর্বাঞ্চল রেলওয়ে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে পূর্বাঞ্চল গঠিত) ২০ হাজার ৫৫৪টি কনটেইনার পরিবহন করে। গত বছরের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পূর্বাঞ্চলে ২১ হাজার ৩৪৩টি কনটেইনার পরিবহন হয়। সেই হিসাবে গত বছরের তুলনায় এ বছরের জুলাই-অক্টোবর সময়ে ৭৮৯টি কনটেইনার কম পরিবহন হয়েছে।
রেলওয়ে সূত্র আরও জানায়, গত বছরে ঢাকা বা চট্টগ্রাম থেকে গন্তব্যে কনটেইনার পৌঁছাতে সময় লাগত ২৩-২৪ ঘণ্টা। চলতি বছর তা কমে নেমে আসে ১৬-১৭ ঘণ্টায়। ১ নভেম্বর আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডাবল লেনের কাজ শুরু হয়েছে। এটি শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ পুরোপুরি ডাবল লেনে উন্নীত হবে। এতে ট্রেনের পরিচালন সময় আরও কমে যাবে বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
রেলপথে কনটেইনার পরিবহন কমে যাওয়ার জন্য রেল কর্তৃপক্ষের অযোগ্যতাকে দায়ী করেছেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। তিনি বলেন, কনটেইনার পরিবহনে রেলের পরিচালন সময় এক-তৃতীয়াংশ কমেছে—এ তথ্য রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছে যথাযথভাবে তুলে ধরতে পারেনি। এ ছাড়া সড়কপথে এখন আট-নয় ঘণ্টায় একটি কনটেইনার গন্তব্যে পৌঁছে যাচ্ছে। তাই সময় বাঁচানোর জন্য ব্যবসায়ীরা সড়কপথ বেছে নিয়েছেন। যদিও সড়কপথে পণ্য পরিবহন খরচ বেশি।
ফিরোজ সালাহ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, কনটেইনার পরিবহনের জন্য ‘কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ রেলওয়ে’ নামে আলাদা একটি কোম্পানি গঠন করা হয়েছে। শিগগিরই সেটির কার্যক্রম শুরু হবে। জানা গেছে, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমানকে নতুন গঠিত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। যোগাযোগ করা হলে হাবিবুর রহমান বলেন, কনটেইনার পরিবহন বাড়ানোর জন্য রেলের যথেষ্ট সামর্থ্য আছে। এ বিষয়ে ব্যবসায়ীদের আগ্রহ থাকতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকেও ভূমিকা রাখতে হবে।
রেলওয়ে সূত্র জানায়, ২০০৭-০৮ অর্থবছরে বন্দরের ৮১ হাজার ৯৩০টি কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুর আইসিডিতে পরিবহন করা হয়, যা রেলের ইতিহাসে সর্বোচ্চ পরিবহন। ইঞ্জিন-সংকটের কারণে পরিবহনের হার কমতে থাকে। ফলে ২০০৮-০৯ অর্থবছরে তা কমে ৭৩ হাজার ৪৭৮ কনটেইনারে নেমে আসে। এরপরও ইঞ্জিন এবং ওয়াগন-সংকট কাটলেও ২০০৯-১০ থেকে ২০১৫-১৬ অর্থবছরে গড়ে প্রতি অর্থবছরে ৬৫ হাজার করে কনটেইনার পরিবহন হয়েছে।