অনাদায়ি লোকসানের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিংয়ে আরও এক বছর সময় পেল ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলাররা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সময়সীমা বাড়িয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। গত মঙ্গলবার বিএসইসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি জানিয়েছে, ব্রোকারেজ হাউস, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব ও গ্রাহকের পত্রকোষে অনাদায়ি যে ক্ষতি রয়েছে, তার বিপরীতে বাধ্যতামূলক নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত এ সময়সীমা নির্ধারিত ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে এমন অনেক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক রয়েছে, যাদের নিজস্ব ও গ্রাহকের পত্রকোষের অনাদায়ি লোকসানের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূলধনের চেয়েও বেশি। এ অবস্থায় প্রভিশনিং করতে হলে অনেক প্রতিষ্ঠানের মূলধনই ঋণাত্মক হয়ে যাবে।
একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তা ও মার্চেন্ট ব্যাংকার জানান, প্রভিশনিংয়ের সময় বাড়ানোর ফলে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক সক্ষমতা কিছুটা বাড়বে।
জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী যেসব প্রতিষ্ঠানের মূলধন ঋণাত্মক, বিশেষ আর্থিক পরীক্ষার ভিত্তিতে সেসব প্রতিষ্ঠানকে ‘গোয়িং কনসার্ন’ হিসেবে শনাক্ত করেন নিরীক্ষকেরা। তবে অর্থনীতি ও বাস্তবতার আলোকে অনেক সময় এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা হিসাব মানের বাইরে গিয়ে বিশেষ সুরক্ষা বা প্রভিশনিং সুবিধা দিয়ে থাকে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর প্রভিশনিংয়ের সময় বাড়িয়ে সেই ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ পরিস্থিতিতে হিসাব মানের ঊর্ধ্বে উঠে এ ধরনের ব্যবস্থা গ্রহণের নজির রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদনের সক্ষমতা ধরে রাখা হয়।
বাজার-পরিস্থিতি: মঙ্গলবারের বড় ধরনের উত্থানের পর গতকাল দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৪১ পয়েন্ট। পাশাপাশি দুই বাজারে লেনদেনের পরিমাণও কমেছে।
এদিন ডিএসইতে ২৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টির দাম বেড়েছে, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি টাকা কম।
সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১৫টির দাম কমেছে, বেড়েছে ৮১টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে প্রায় ৫৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম।