এসএমই ফাউন্ডেশন আয়োজিত ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতায় উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের অংশ নেওয়ার সময়সীমা বাড়িয়েছে সংস্থাটি। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতার ফরম সংগ্রহ ও পূরণের সময়সীমা বেঁধে দিয়েছিল এসএমই ফাউন্ডেশন। সময়সীমা বাড়ানোর বিষয়টি উল্লেখ করে গত ৩১ ডিসেম্বর সংস্থাটির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নতুন শিল্প স্থাপনের উদ্যোগকে উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা আয়োজন করছে সংগঠনটি।
এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে এ ফরম পাওয়া যাবে। কিংবা ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.smef.org.bd) থেকেও ফরম ডাউনলোড করা যাবে। অনলাইনেও আবেদন ফরম পূরণ করে জমা দেওয়া যাবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ১৫০ জনকে নির্বাচিত করা হবে। সেসব প্রতিযোগীর ব্যবসায় পরিকল্পনা তৈরির কৌশল ও নিয়মাবলির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী সময়ে জমা পড়া পরিকল্পনাগুলো পর্যালোচনা করে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে তিনজনকে বিজয়ী নির্বাচিত করা হবে। শ্রেষ্ঠ তিন উদ্যোক্তা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ, চার লাখ ও তিন লাখ টাকা।