অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) উন্নয়নে ব্যবসায়িক পরিবেশ বৈশ্বিক মানের হতে হবে বলে মনে করছে গবেষণা সংস্থা সানেম। তারা বলেছে, সব প্রতিশ্রুতি যথাযথভাবে ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান গত শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় সেলিম রায়হান বলেন, প্রয়োজনীয় অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বাংলাদেশের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাফল্য নিশ্চিত করতে পারে।
সেলিম রায়হান এসইজেড উদ্যোগ সফল করতে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেন। যেমন এসইজেড নিয়ে দেওয়া সব প্রতিশ্রুতির যথাযথ এবং সময়মতো বাস্তবায়ন করতে হবে। এর অভ্যন্তরীণ অবকাঠামো এবং ব্যবসায়িক পরিবেশ হতে হবে বৈশ্বিক মানের। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভূমিবিষয়ক সমস্যার সমাধান। দেখা গেছে, চীন অবকাঠামোগত এবং ভূমিবিষয়ক সমস্যাগুলো কার্যকরভাবে চিহ্নিত করে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। আর ভারতের অভিজ্ঞতা এর বিপরীত। কেন ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশ এই অভিজ্ঞতাগুলো থেকে কী শিক্ষা নিতে পারে, তা অবশ্যই সরকারকে বুঝতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অর্থনীতির বাকি অংশের মধ্যে অবকাঠামো এবং ব্যবসায়িক পরিবেশের মানের বড় ধরনের পার্থক্য থাকলে এসইজেডগুলোকে টিকিয়ে রাখতে আর্থিক সহযোগিতার প্রয়োজন বাড়বে। এ ছাড়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর সাফল্য অনেকাংশে নির্ভর করবে কতটা কার্যকরভাবে তারা দক্ষ সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে যুক্ত আছে। তাই, বাংলাদেশে সমুদ্র ও স্থলবন্দরগুলোর অবকাঠামো এবং দক্ষতায় যথেষ্ট উন্নতি আনতে হবে। চীন তার বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে দক্ষ বন্দরের কাছাকাছি তৈরি করেছে এবং এদের মধ্যে সংযোগ স্থাপনকারী উন্নত সড়কও গড়ে তুলেছে। সুতরাং এখানেও অর্থনৈতিক অঞ্চলগুলোর অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশে সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক করিডরের বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত।
সানেম উপস্থাপিত আরেকটি সুপারিশ হচ্ছে, অর্থনৈতিক অঞ্চলগুলোতে অর্থনৈতিক এবং রপ্তানি বহুমুখীকরণ ও উচ্চ মূল্যমানের পণ্য উৎপাদনের ওপর জোর দেওয়া এবং অর্থনৈতিক অঞ্চলগুলোর পরিচালনার তদারকির দায়িত্বে যথেষ্ট যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান নিশ্চিত করা।
সানেম বলেছে, জাপান, চীন ও ভারতকে এসইজেড তৈরির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে এসব দেশ থেকে প্রচুর পরিমাণে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলাদেশে কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অস্বস্তিকর অভিজ্ঞতাকে মাথায় রাখতে হবে। কোরীয় ইপিজেডে ভুলটা কোথায় হয়েছিল সেটা বোঝা এবং ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।