সময়মতো সার দিতে বাফার গুদাম নির্মিত হচ্ছে নীলফামারীতে
সরকার নীলফামারীতে সার সংরক্ষণ ও বিতরণের জন্য বাফার গুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে, যাতে কৃষকদের দ্বারপ্রান্তে স্বল্পসময়ে ন্যায্যমূল্যে সার সরবরাহ করা যায়।নীলফামারী জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে বামন ডাঙ্গায় ২ দশমিক ৮২ শতক জমির ওপর ছয় কোটি ৪৯ লাখ ২৪ হাজার ৯০০ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি বাফার গুদাম নির্মাণ করা হবে। পরিকল্পনা কমিশনে গত ৬ এপ্রিল এই প্রস্তাব পাস হয়েছে। গতকাল শনিবার এলাকা পরিদর্শনে এসে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) সহকারী বিপণন ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক এসব তথ্য জানান।এদিকে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক বাপি বলেন, এখানে বাফার গুদাম হলে ব্যবসায়ীদের পরিবহন খরচ সাশ্রয় হবে এবং স্থানীয় কৃষকেরা স্বল্পসময়ে ন্যায্যমূল্যে সহজে তাঁদের প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ব্যবসায়ীদের টাকা পরিবহনের ঝুঁকিও কমবে।