
সরকার ভবিষ্যতে প্লট প্রকল্প নেবে না বলে জানিয়েছেন গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সারা দেশে জমির তীব্র সংকট। ১৬ কোটি মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে রাজউকসহ সবাইকে প্লট থেকে বেরিয়ে অ্যাপার্টমেন্ট প্রকল্পে যেতে হবে। সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে আর প্লট প্রকল্প নেওয়া হবে না।
গৃহায়ণমন্ত্রী বলেন, ‘আমি আগেও এক মেয়াদে গৃহায়ণমন্ত্রী ছিলাম। তখন অ্যাপার্টমেন্ট নির্মাণে উদ্যোগ নিই। তবে ১৫ বছর পর এসে দেখি কিছুই হয়নি।... আমার মনে হয়, অ্যাপার্টমেন্ট প্রকল্পে রাজউকের আগ্রহ কম। তারা জমিদারি ব্যবসা নিয়েই থাকতে চায়।’ তিনি জানান, কয়েক বছরের মধ্যে সরকার এক লাখ ফ্ল্যাট তৈরি করবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আয়োজিত পাঁচ দিনব্যাপী শীতকালীন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বুধবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি রিহ্যাবের সাবেক সভাপতি। অন্যদিকে গৃহায়ণমন্ত্রী রিহ্যাবের সদস্য। এমনটাই জানান সংগঠনের বর্তমান সভাপতি আলমগীর শামসুল আলামিন।
অনুষ্ঠানের শুরুতে রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান, সহসভাপতি রবিউল হক ও লিয়াকত আলী ভূঁইয়া বক্তব্য দেন। তাঁরা আবাসন খাতকে চাঙা করতে সরকারের কাছে ক্রেতাদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল দাবি করেন। তা ছাড়া প্রকল্প পাশে সময়ক্ষেপণ বন্ধ করতে রাজউকে শিগগিরই ওয়ান স্টপ সেল চালু করতে গৃহায়ণমন্ত্রীকে অনুরোধ করেন।

আলমগীর শামসুল আলামিন বলেন, রিহ্যাব সদস্যদের অবস্থা নাজুক। দেয়ালে পিঠ ঠেকে গেছে সবার। শ্রমিক-কর্মচারীদের বেতন দিতে পারছে না অনেকে। তিনি আরও বলেন, ‘আমাদের সরকার মালয়েশিয়া সরকারের সঙ্গে ১১ হাজার (পরে গৃহায়ণমন্ত্রী বলেছেন ৮,৪০০) ফ্ল্যাট তৈরির চুক্তি করতে যাচ্ছে। অনুরোধ করব, রিহ্যাব সদস্যদের কাছ থেকে ফ্ল্যাটগুলো কেনেন।’
একই অনুরোধ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ প্রসঙ্গে গৃহায়ণমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে চুক্তি এখনো হয়নি। মালয়েশিয়া খুবই কম দামে এবং ৩০ মাসের মধ্যে ফ্ল্যাটগুলো নির্মাণ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তা ছাড়া সরকারের অন্য প্রকল্পে রিহ্যাব সদস্যদের কাজ করার সুযোগ তো আছেই। মালয়েশিয়ার সঙ্গে যেটি হচ্ছে, তাতে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ ঘটবে আমাদের।’
অবশ্য মোশাররফ হোসেন রিহ্যাবের অন্য দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, আবাসন খাতে গতিশীলতা আনতে সরকারকে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা দিতে হবে। ক্রেতাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। বিশ্বের কোথাও ৩ থেকে ৪ শতাংশের বেশি সুদে গৃহঋণ নিতে হয় না। এ ছাড়া কেউ যদি অ্যাপার্টমেন্ট খরিদ করে তবে তার ওই অর্থের উৎস নিয়ে যেন কোনো প্রশ্ন করা না হয়।
২৮ ডিসেম্বর গৃহায়ণ মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। এই তথ্য জানিয়ে গৃহায়ণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে সব দাবি তুলে ধরা হবে। তিনি বলেন, বস্তিবাসীদের সাশ্রয়ীমূল্যে ফ্ল্যাট দিতে পরীক্ষামূলক প্রকল্প নিয়েছে সরকার। মন্ত্রী জানান, প্রাথমিকভাবে খুলনার বয়রা ও মিরপুরে বস্তিবাসীর জন্য ৪৫০ ও ৩৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট হবে। আর এসব ফ্ল্যাটের জন্য যথাক্রমে দৈনিক ২৭৫ ও ১৭৫ টাকা কিস্তিতে (২০ বছর) পরিশোধ করেই ফ্ল্যাটের মালিক হবেন নিম্ন আয়ের মানুষ।

এ ছাড়া পরিবেশ বিপর্যয় রোধে অ্যাপার্টমেন্ট নির্মাণে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) বাধ্যতামূলক করার বিষয়ে রাজউককে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মোশাররফ হোসেন। তিনি বলেন, খালের স্রোতপ্রবাহ নষ্ট না করে, লেক ও খেলার মাঠ ঠিক রেখে কাজ করলে কোনো প্রতিষ্ঠানকেই বাধা দেওয়া হবে না।
নসরুল হামিদ ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) সমালোচনা করে বলেন, ‘কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ৭৫ শতাংশ জমিই বন্যাপ্রবণ বলে ড্যাপে বলা আছে। তাহলে প্রশ্ন, সেখানে মানুষ বাস করে কীভাবে। আগামী ৫০ বছরের চিন্তা করে যুগোপযোগী পরিকল্পনা করে ড্যাপ প্রস্তুত করা উচিত।’ পরে গৃহায়ণমন্ত্রী তাঁর বক্তব্যে এ বিষয়েও একমত পোষণ করেন।
মোশাররফ হোসেন মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে অন্য অতিথি ও রিহ্যাব নেতাদের সঙ্গে নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি। রিহ্যাবের শীতকালীন আবাসন মেলায় এবার অংশ নিচ্ছে ১৫০টি স্টল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পাশাপাশি উপখাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও আছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় একবার প্রবেশের জন্য ৫০ টাকা ও একাধিকবার প্রবেশের জন্য ১০০ টাকা মূল্যের টিকিট কাটতে হবে দর্শনার্থীদের। মেলা শেষ হবে রোববার।