সরকার ও দেশের স্বার্থের সুরক্ষা হয়েছে কি না প্রশ্ন আতিউরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিউর রহমান l ছবি: প্রথম আলো
আতিউর রহমান l ছবি: প্রথম আলো

পদত্যাগের আগে-পরে দুই দফায় গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সদ্য পদত্যাগী গভর্নর আতিউর রহমান। গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর তা নিয়ে এই প্রথমবারের মতো সংবাদকর্মীদের মুখোমুখি হন তিনি। গতকাল সকালে পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়ার আগে কয়েকজন সংবাদকর্মীকে জানিয়েছিলেন, ‘পদত্যাগের জন্য প্রস্তুত তিনি। এরপর রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে পদত্যাগপত্র জমা দিয়ে গভর্নরের পদ ছেড়ে গুলশানের বাসায় ফিরে বেলা তিনটায় পায়জামা-পাঞ্জাবি পরে আসেন সাংবাদিকদের সামনে। ততক্ষণে গভর্নর হিসেবে বরাদ্দ পাওয়া গভর্নর হাউসের সবুজ লন সাংবাদিকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ। আর গভর্নর সেখানে এসে অর্থ চুরির পুরো ঘটনা, দায়িত্ব পালনকালে তাঁর বিভিন্ন অর্জন, প্রচেষ্টার কথা লিখিতভাবে তুলে ধরেন।
সেই লিখিত অংশের চুম্বক কিছু অংশ প্রথম আলোর পাঠকের জন্য তুলে ধরা হলো:
অর্থ চুরির বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানাতে বিলম্বের কারণ সম্পর্কে সন্তুষ্ট না হলে অর্থ মন্ত্রণালয় ও সরকার অবশ্যই দায় চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। সংবাদমাধ্যমে আগাম ঘোষণা দিয়ে দেশের আর্থিক খাত ব্যবস্থাপনার ওপর জনগণের আস্থাকে সংকটাপন্ন করে সরকারের এবং দেশের স্বার্থের সুরক্ষা হয় কি না, সে প্রশ্নটি বিবেচনায় নেওয়ার অনুরোধ রইল।
গত ৪ ফেব্রুয়ারি গভীর রাতে বাংলাদেশ ব্যাংকের সুইফট সংযোগে সাইবার আক্রমণের ঘটনায় ৩৫টি ভুয়া পরিশোধ নির্দেশের মধ্যে পাঁচটি পরিশোধ নির্দেশের বিপরীতে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশন ও ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে চলে যায়। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে ২ কোটি ডলার ফেরত আনা হয়েছে। ফিলিপাইন থেকে অবশিষ্ট ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত আদায়ের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
চুরির ঘটনার পরবর্তী কার্যদিবস থেকেই অর্থ পুনরুদ্ধার, জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং অভ্যন্তরীণ সুরক্ষাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা দূর করার কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। বিশ্বব্যাংকের সঙ্গে ব্যাংকিং ও আর্থিক খাত জোরদারকরণ প্রকল্পের আওতায় উচ্চদক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন একজন পরামর্শক নিয়োগ করা হয়েছে। তাঁর নেতৃত্বে একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল সাইবার আক্রমণটির সঙ্গে জড়িত পক্ষগুলো চিহ্নিত করার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সামগ্রিক তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কের দুর্বলতা চিহ্নিত করে সর্বাধুনিক প্রতিরোধক ব্যবস্থা সংযোজনের কাজ করে যাচ্ছেন।
পুরো কার্যক্রম প্রাথমিকভাবে গোপনীয়তার সঙ্গে পরিচালনার উদ্দেশ্য ছিল এ ঘটনার বিষয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এড়ানো। কারণ প্রায় একই সময়ে বিভিন্ন ব্যাংকের এটিএম নেটওয়ার্কে সাইবার আক্রমণের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছিল। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুসন্ধান চিত্র স্পষ্ট হওয়ার পর বিষয়টি সরকারের উচ্চমহলকে জানানো হয়। এখন র্যা ব ও অন্যান্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রমে সংশ্লিষ্ট হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে সাইবার আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের দিক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তাব্যবস্থার পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।