সরকার কয়লাভিত্তিক বিদ্যুতে গুরুত্ব দেওয়ায় খুশি জিসিএম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক উৎস হিসেবে বাংলাদেশ বেশ জোরের সঙ্গে কয়লার দিকে অগ্রসর হচ্ছে। ২০২১ সালের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোর মাধ্যমে আট হাজার ৫৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে লন্ডনভিত্তিক জ্বালানি কোম্পানি জিসিএম তাদের ফুলবাড়ী কয়লা প্রকল্প কীভাবে জাতীয় ও আঞ্চলিকভাবে সুফল বয়ে আনতে পারে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের ওকালতি বজায় রাখবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি একই সঙ্গে জ্বালানি সরবরাহ পরিস্থিতি উন্নয়নে সরকারের পরিকল্পনাকে সমর্থন দিয়ে যাবে।
জিসিএমের বার্ষিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল এটি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এশিয়া এনার্জি নামে জিসিএম বাংলাদেশের দিনাজপুরে ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প হাতে নেয়। তবে স্থানীয় জনগণের প্রবল বাধার মুখে ২০০৫ সালে এই প্রকল্পের প্রাথমিক কাজই শুরু করতে পারেনি কোম্পানিটি। পরিবেশদূষণ ও বিপুল পরিমাণ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় দেশের বিশেষজ্ঞ ও সুশীল সমাজের একটি অংশ এই প্রকল্পের বিরোধিতা করে আসছে। সরকারও এখন পর্যন্ত কয়লা উত্তোলনের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়নি।
কোম্পানির নির্বাহী চেয়ারম্যান মিশেল ট্যাঙ এক বিবৃতিতে বলেছেন, ২০১৪ সালের প্রথমার্ধে পুনর্নির্বাচিত সরকারের নিয়মিত কার্যক্রম নবায়নের মধ্য দিয়ে গিয়েছে। আর যেসব ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ উৎপাদন ২০১৬ সালের মধ্যে ১৬ হাজার মেগাওয়াট ও ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা। এটা খুবই উৎসাহজনক যে বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে।
যোগাযোগ করা হলে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, জিসিএম বরাবর যা বলে আসছে, তারই পুনরাবৃত্তি করেছে। কিন্তু তাদের পরিকল্পনামতো ফুলবাড়ীতে কয়লা উত্তোলন করা হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হতো না, ভবিষ্যতেও হবে না।