সরকার দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে আনতে কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি ও শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে তাঁর সরকার চার বছরের মধ্যে দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২১ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার তিন দিনব্যাপী ২২তম বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশনের (বাটেক্সপো-২০১১) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘দারিদ্র্য হ্রাসের লক্ষ্য অর্জনে সরকার পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’ খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী শ্রমিকদের কল্যাণে আরও পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় থাকলে সর্বোচ্চ উৎপাদন অর্জন সম্ভব। এতে মালিক-শ্রমিক উভয়েই লাভবান হবেন।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রমুখ বক্তৃতা করেন।বিজিএমইএর সভাপতি সাইফুল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও দ্বিতীয় সহসভাপতি এম সিদ্দিকুর রহমানও বক্তৃতা করেন। বেসরকারি খাতের সম্প্রসারণে নতুন শিল্পনীতি প্রণয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে ২১টি খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিল্পকে উৎসাহিত করতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যেই ভারত, চীন, মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত রপ্তানি-সুবিধা পাচ্ছে।পোশাক রপ্তানিকারকদের সময় ও অর্থের সাশ্রয়ের জন্য বিজিএমইএকে উৎসের দেশ থেকে সনদ ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই প্রথম দেশের ২৭০টি রুগ্ণ ও বন্ধ তৈরি পোশাক কারখানার ঋণ হিসেবে তারল্যের ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের উন্নয়নকে আমরা বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছি।’ রপ্তানিমুখী পণ্যের দ্রুত যাতায়াত নিশ্চিত করতে দেশের যোগাযোগব্যবস্থা ও বন্দরের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সড়ক, নৌ ও রেল যোগাযোগব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। চট্টগ্রাম ও মংলা বন্দরের দক্ষতা বাড়ানো হয়েছে। কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রমকে অটোমেশন করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও উড়ালসড়ক নির্মিত হচ্ছে।শেখ হাসিনা বলেন, ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডকে সম্প্রসারণ এবং আরও ছয়টি ইপিজেড স্থাপনের পাশাপাশি বেসরকারি খাতে ইপিজেড প্রতিষ্ঠার জন্য আইন করে চট্টগ্রামে একটি বেসরকারি ইপিজেড প্রতিষ্ঠা করা হয়েছে, যা থেকে বর্তমানে পণ্য রপ্তানি হচ্ছে। দেশের ৩৬ লাখ পোশাকশ্রমিকের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধি ও সন্তানদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি, আশুলিয়ায় শ্রমিকদের আবাসনের উদ্যোগ এবং রেশনিং-ব্যবস্থা চালু করা হয়েছে। তাঁর সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকায় উন্নীত করেছে। প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।