সরকার দুর্নীতি দূর করতে চায় কি না, অনেক সময় সন্দেহ হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম
এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম

প্রথম আলো: আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বারের মেয়াদের প্রথম বছর পার করল। এই এক বছরে দেশের অর্থনীতি নিয়ে আপনার মূল্যায়ন কী?
মির্জ্জা আজিজ: অর্থনীতির পরিসংখ্যান এ দেশে পঞ্জিকা বছর অনুযায়ী হয় না, হয় অর্থবছর হিসেবে। গত এক বছরে কী হয়েছে, তার চেয়ে নজর দেওয়া দরকার বরং আগামী এক বছরে কী হবে। সরকারের প্রকাশিত সাময়িক তথ্যে ৬ দশমিক ১২ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির কথা বলা হয়েছে, যা আগের বার ছিল ৬ দশমিক ০১ শতাংশ। এটা নিয়ে দ্বিমতের অবকাশ আছে। কেননা আমরা জানি যে, ৫ জানুয়ারির নির্বাচনের আগের পরিস্থিতিতে সেবা খাতসহ বেশ কিছু খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবাসী-আয় (রেমিট্যান্স) ছিল নেতিবাচক। আবাসন খাতে প্রচুর অবিক্রীত ফ্ল্যাট। পরিবহন খাতে ব্যবসা হয়নি ভালো। সরকারি বিনিয়োগ বাড়লেও এই সময়ে কমেছে বেসরকারি বিনিয়োগ। সুতরাং প্রবৃদ্ধির হার বাড়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এ প্রশ্ন বিশ্বব্যাংকও তুলেছে।
প্রথম আলো: প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা কি শুধুই অনুমান, না সপক্ষে যুক্তি আছে কোনো?
মির্জ্জা আজিজ: যুক্তিগুলোই তো বললাম। তবে চিন্তার বিষয় ভবিষ্যৎ নিয়ে। কোথায় যাচ্ছি আমরা? কী দাঁড়াচ্ছে ভবিষ্যতে? এগুলো বিবেচনায় নিলে হতাশাজনক পরিস্থিতি দেখতে পাই। রপ্তানি অর্থনীতির বড় চালিকাশক্তি। অথচ জুলাই-ডিসেম্বর সময়ে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে ২ শতাংশ। প্রবাসী-আয়ও আগের বছর যেখানে ১১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি ছিল, এবার একই সময়ে তা নেচিবাচক। বেসরকারি বিনিয়োগে স্থবিরতা কাটেনি। বরং পরস্পরবিরোধী সংকেত পাওয়া যায়। ব্যাংকে তারল্য আছে, কিন্তু ঋণপ্রবাহ কম।
প্রথম আলো: নির্বাচনের আগে সহিংসতা থাকলেও নির্বাচনের পরে তো তেমন কিছু দেখা যায়নি।
মির্জ্জা আজিজ : নির্বাচনের পরে তেমন কিছু দেখা না গেলেও মানুষের মনে একটা শঙ্কা ছিলই। এবং তা এখনো আছে। আপাতত একটা ঠান্ডা পরিস্থিতি থাকলেও মানুষের মনে এই শঙ্কা আছেই যে, এই ‘আপাতত’টা কত দিন থাকবে। মোদ্দা কথা হচ্ছে, অনিশ্চয়তা চললে টাকা থাকলেও কেউ বিনিয়োগ করে না। কারণ, বিনিয়োগ করলে এ থেকে সুফল পেতে দুই, তিন বা পাঁচ বছর লাগে, যেটাকে ‘স্টেশন পিরিয়ড’ বলা হয়। অবরোধ, হরতাল-জাতীয় কর্মসূচি কিন্তু ঢাকাকেন্দ্রিকই নয়। স্থানীয় পর্যায়েও হচ্ছে, যাকে অনেকেই গুরুত্বহীন করে দেখে।
প্রথম আলো: বিনিয়োগের ভালো সুযোগ না থাকার কারণেই কি টাকা পাচারের কথা বেশি শোনা যাচ্ছে?
মির্জ্জা আজিজ: এটা অনুসন্ধানের অপেক্ষা রাখে। ভারতের প্রবাসী-আয় সংগ্রহের পঞ্চম সেরা উৎস হচ্ছে বাংলাদেশ—এ রকম তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। এটা তো বিস্মিত হওয়ার মতো ব্যাপার। মূলধনি যন্ত্রপাতি আমদানি বেড়েছে যেখানে ২৮ শতাংশ, সেখানে শিল্পের কাঁচামাল বেড়েছে মাত্র ৪ শতাংশ। তার মানে উৎপাদনক্ষমতা ব্যবহৃত হচ্ছে না। অনেকের মনেই সন্দেহ যে, ওভার ইনভয়েসিংয়ের (পণ্যমূল্য বেশি দেখানো) মাধ্যমে টাকা পাচার হচ্ছে।
প্রথম আলো: প্রতিদিন চোখের সামনেই যদি তা হয়ে থাকে, এগুলো দেখার কেউ নেই? বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশ কি যথাদায়িত্ব পালন করছে?
মির্জ্জা আজিজ: সব সংস্থারই দায়িত্ব আছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের বরং অস্বীকার করার প্রবণতা (ডিনায়াল সিনড্রোম) রয়েছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি সংক্ষিপ্ত প্রতিবেদন করেছে, যাতে বিপুল পরিমাণ মূলধনি যন্ত্রপাতি আমদানিকে ইতিবাচক বলা হয়েছে। বিজিএমইএর গুরুত্বপূর্ণ এক নেতার সঙ্গে কিছুদিন হলো আলাপ হয়েছে আমার। তিনি বললেন, কিছু কিছু আমদানি সত্যি সত্যিই হয়েছে, কিন্তু মূলধনি যন্ত্রপাতি ২৮ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কোনো লক্ষণ নেই দেশে।
প্রথম আলো: আর্থিক খাত কি স্বস্তিদায়ক জায়গায় আছে?
মির্জ্জা আজিজ: আর্থিক খাতে নানা কেলেঙ্কারির চিত্র উঠে এসেছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। বেসরকারি ব্যাংকেও কিছু কিছু কেলেঙ্কারি হয়েছে। একটা হিসাবে দেখলাম, খেলাপি ঋণের পরিমাণ এখন ৫৭ হাজার কোটি টাকা। যদিও বাংলাদেশ ব্যাংকের দাবি খেলাপি ঋণের হার কমেছে। যতটুকু কমেছে বলে বলা হচ্ছে তা পুনঃ তফসিল নীতিমালা নমনীয় করার কারণে, প্রকৃত আদায় বাড়ার কারণে নয়। এদিকে তারল্য বাড়ছে। অতি তারল্যে শ্লথগতি আসে, যা আর্থিক খাতের স্বাস্থ্যের জন্য সুখকর নয়। অন্যদিকে পুঁজিবাজারে স্থিতিশীলতা এসেছে নিম্ন পর্যায়ে। বাজারসূচক পাঁচ হাজারের নিচে ঘোরাফেরা করছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী গতবারও রাজস্ব সংগ্রহ হয়নি, এবার হওয়ারও কোনো কারণ দেখা যাচ্ছে না।
প্রথম আলো: সঞ্চয়পত্র বিক্রি তো লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবার সঞ্চয়পত্রের সুদের উচ্চ হারের সঙ্গে অনেকে পুঁজিবাজারকে মিলিয়ে থাকেন।
মির্জ্জা আজিজ: সঞ্চয়পত্র সরকারের অর্থ সংগ্রহের সবচেয়ে ব্যয়বহুল উৎস। জনগণেরও ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্র। পুঁজিবাজারের বর্তমান নিম্ন পর্যায়ের সঙ্গে এর সম্পর্ক থাকতেও পারে। যেমন ২০১০ সালে বাজার ধসের আগে সঞ্চয়পত্রের সুদের হার কম ছিল। তখন অনেকেই অর্থ খাটানোর জন্য বেছে নিয়েছিল পুঁজিবাজারকে।
প্রথম আলো: ২০১৪ সালের ৫ জানুয়ারি যে ধরনেরই সংসদ নির্বাচন হয়েছে, এরপর সরকার তো গঠিত হয়েছে পাঁচ বছরের জন্যই। বিনিয়োগের জন্য কি নির্বাচনটির মানের বিষয়টি মানুষ মাথায় রাখে?
মির্জ্জা আজিজ: নিঃসন্দেহে রাখে। বিনিয়োগের পূর্বশর্তই হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। যে দেশেই এ স্থিতিশীলতার দুর্বলতা রয়েছে, সে দেশেরই প্রবৃদ্ধি শ্লথ হতে বাধ্য। সরকারের সময় কালটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে নীতির পরিবর্তনের শঙ্কা আছে কি নেই। থাইল্যান্ডে ৫০ বছরে (১৯৪৫-১৯৯৫) ৩১টি সরকার এসেছে। কিন্তু দেশটিতে নীতির ধারাবাহিকতা ছিল। অস্থিরতা বা অশান্তি ছিল না। দেশটির প্রবৃদ্ধি তখন ৭-৮ শতাংশ ছিল। গত কয়েক বছরে যেই রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, তখনই থাইল্যান্ডের প্রবৃদ্ধি নেমে এসেছে ২-৩ শতাংশে।
প্রথম আলো: এত কিছুর পরও আমাদের গড় প্রবৃদ্ধি তো ৬ শতাংশের ওপরেই থাকছে।
মির্জ্জা আজিজ: হ্যাঁ, এত কিছুর মধ্যেও এগোচ্ছে দেশ। কারণ আর কিছুই নয়, মানুষের বেঁচে থাকার তাগিদ। প্রত্যেকেই চায় বিরূপ পরিস্থিতির মধ্যেও কতটুকু ভালো থাকা যায়। এ জন্য অবশ্য সমাজের কৃষক ও তরুণ উদ্যোক্তা—এ দুটি শ্রেণি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কৃষক প্রযুক্তিকে গ্রহণ করেছে, তাই ফসল উৎপাদন বেড়েছে। আর হরতাল-অবরোধের মধ্যে ঝুঁকি নিয়েও কাজ করছেন অদম্য উদ্যোক্তারা।
প্রথম আলো: বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকসহ গোটা ব্যাংক খাতেই যে হাজার হাজার কোটি টাকার অনিয়ম-দুর্নীতি হলো, তা রোধে বাংলাদেশ ব্যাংক কি যথাযথ দায়িত্ব পালন করেছে?
মির্জ্জা আজিজ: ব্যাংকঋণ বিতরণের কাজটা করে মূলত বাণিজ্যিক ব্যাংক। অনিয়ম হলে অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থাতেই তা ধরা পড়া উচিত। সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকে যা হয়েছে, তদারকি সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক তার দায়িত্ব এড়াতে পারে না। পত্রিকা মারফত জেনেছি, বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা দলকে রূপসী বাংলা শাখায় ঢুকতেই দেওয়া হয়নি। তারপর বাংলাদেশ ব্যাংক কী করেছে? বেসিক ব্যাংকের এত বড় কেলেঙ্কারির নেপথ্য নায়কদেরও বিচার হয়েছে বলে শোনা যায়নি। অবশ্য কয়েক বছরে গ্রিন ব্যাংকিং, এসএমই ব্যাংকিং ইত্যাদি কিছু জনকল্যাণমূলক কাজ করেছে বাংলাদেশ ব্যাংক। যদিও অনেকেরই প্রশ্ন, এগুলোতে বেশি মনোযোগের ফলে বাংলাদেশ ব্যাংক না আবার তার মূল কাজ থেকে সরে যায়।
প্রথম আলো: মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার বিষয়ে কিছু বলবেন?
মির্জ্জা আজিজ: এ বিষয়ে ইদানীং প্রায়ই শুনি। বিশ্বব্যাংকের ২০১২ সালের একটি প্রতিবেদন বলছে, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাইলে জিডিপির প্রবৃদ্ধি প্রতিবছরে গড়ে ৭ দশমিক ৫ থেকে ৮ শতাংশে উন্নীত হতে হবে। আর জিডিপি-বিনিয়োগ হার হতে হবে ৩৩ শতাংশ। এ হার এখন ২৬ শতাংশের মতো। আর প্রবৃদ্ধির হার তো ৬-এর ঘরেই আটকে রয়েছি আমরা। তার ওপর রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। তাহলে কীভাবে সম্ভব, আমার বোধগম্য নয়।
প্রথম আলো: সম্ভবই না?
মির্জ্জা আজিজ: অবশ্যই সম্ভব। রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলেই সম্ভব। অনেক সময় আমরা সমস্যা চিহ্নিত করতে পারি, সমাধানও বের করতে জানি, কিন্তু বাস্তবায়ন করতে পারি না। কেন পারি না, জানি না। এখানেই প্রশ্ন আসে রাজনৈতিক সদিচ্ছার। দেখতে হবে, সরকার চায় কি না আর্থিক খাতে অনিয়ম-দুর্নীতি দূর হোক। সরকার তা দূর করতে না পারে, কিন্তু দূর করতে চায় কি না, কার্যকলাপ দেখে অনেক সময় সে ব্যাপারেও আমরা সন্দিহান।
(সাক্ষাৎকার নিয়েছেন ফখর্ুল ইসলাম)