সরকার দুর্নীতির দায় জনগণের ওপর চাপাচ্ছে: আমির খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় প্রবৃদ্ধি বাড়েনি। সাত বছর আগে বিএনপি যে জায়গায়, সাত শতাংশে প্রবৃদ্ধি রেখে এসেছিল তা বাড়েনি, বরং কমেছে। সরকার নিজেদের দুর্নীতির দায় করের মাধ্যমে জনগণের ওপর চাপাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে আমির খসরু প্রস্তাবিত বাজেট নিয়ে তাঁর ব্যক্তিগত প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, অনির্বাচিত সরকার ও অনির্বাচিত সংসদে প্রস্তাবিত বাজেটের কোনো গ্রহণযোগ্যতা নেই।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাজেটের আকার আরও বড় হওয়া উচিত ছিল। কিন্তু সরকার তা দিতে পারেনি। এর কারণ সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতি। কৃষি, শিক্ষাসহ উন্নয়ন খাতে আরও বেশি বরাদ্দ রাখা উচিত ছিল বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা।