সরকার বাণিজ্য সংগঠন আইন সংশোধন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য সংগঠনের প্রচলিত আইনটি সংশোধন করা হবে। আগামী বছরের শুরুর দিকেই এই সংশোধন করা হবে। সংশোধিত আইনে ব্যবসাসংশ্লিষ্ট কোনো সংগঠনের সদস্য না হলে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি করতে পারবেন না, এমনকি ট্রেড লাইসেন্সও পাবেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।গতকাল বুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েইনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।এ ছাড়া প্রতিযোগিতা আইন ও কোম্পানি আইন নিয়েও সরকার কাজ করছে বলে জানান ফারুক খান।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরবরাহ আদেশ (ডিও) প্রথা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তাই এ ব্যবস্থা বাতিল করে বিকল্প ব্যবস্থা চালুর জন্য কাজ চলছে। এ বছরের মধ্যেই তা চূড়ান্ত হবে।জানা গেছে, দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন, বন্যানিয়ন্ত্রণ এবং নদী খননে ইউরোপীয় কমিশনের (ইসি) সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী।বিদায়ী রাষ্ট্রদূত বাণিজ্যমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে এসব ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।