>

অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন, বন্ধ পাটকলগুলো চালু করে সরকার মারাত্মক ভুল করেছে। এ বিষয়টিসহ পাটকল খাতের সার্বিক বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছে সরকারি পাটকলগুলোর পরিচালনাকারী সংস্থা বিজেএমসির চেয়ারম্যান হু্মায়ূন খালেদ
প্রথম আলো: বিজেএমসি তো আবারও অর্থমন্ত্রীর কাছে টাকা চেয়েছে। কেন নিজের টাকায় বিজেএমসি চলতে পারছে না?
হুমায়ূন খালেদ: প্রতিবছর আমাদের ১০০০-১২০০ কোটি টাকার পাট কিনতে হয়। আমরা চেয়েছি ৫০০ কোটি টাকা। পুরো টাকা চাইনি। বিজেএমসি নিজের টাকায় চলতে না পারার বড় কারণ অতিরিক্ত শ্রমিক। আমাদের হওয়ার কথা ৬০ শতাংশ স্থায়ী শ্রমিক এবং ৪০ শতাংশ বদলি। কিন্তু ২০০৯ সালের পর থেকে রাজনৈতিক ও সিবিএর চাপে ৯০ শতাংশ শ্রমিকই এখন স্থায়ী। সব সময় পণ্যের চাহিদা থাকে না। কাজ কম থাকে। সারা বছরই ৩০-৩৫ শতাংশ শ্রমিককে কাজ করতে হয় না। বসিয়ে বসিয়ে তাদের বেতন দিতে হয়। আমাদের এখন ৩৩ হাজার স্থায়ী, ২৭ হাজার বদলি এবং ৬ হাজার আউটসোর্সিং শ্রমিক রয়েছে। ২০০৯ সালের পর থেকে ১২-১৩ হাজার অতিরিক্ত শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় ৩৫-৪০ শতাংশ বেড়ে গেছে। সব মিলিয়ে বিজেএমসির এখন বাড়তি ২২ হাজার শ্রমিক আছে। তাদের বেতন দিতে ৩০০ কোটি টাকার বেশি লাগে। লোকসান তো হবেই। বাড়তি শ্রমিক ও ৬০-৭০ বছরের পুরোনো যন্ত্রপাতির কারণে আমাদের এক টন পাটপণ্য উৎপাদন করতে ১ লাখ ৩০ হাজার টাকা খরচ হয়। আমরা বিক্রি করছি ৮০-৯০ হাজার টাকায়। আবার পাট কেনার কথা এখন। কিন্তু সরকার এখন টাকা দিচ্ছে না। টাকা দেবে তিন মাস পর। যখন পাটের দাম প্রতি মণে ৩০০-৪০০ টাকা বেড়ে যাবে। তখন কয়েক শ কোটি টাকা বেশি খরচ করে পাট কিনতে হবে।
প্রথম আলো: এভাবে আর কত দিন চলবে?
হুমায়ূন খালেদ: এটা সরকারই বলতে পারবে। পরিকল্পনা ছাড়াই এত লোক নিয়োগ দেওয়া হলো কেন? আমার দরকার ৪০ হাজার শ্রমিক, নেওয়া হলো ৬০ হাজার। এত লোক থাকলে লাভে যাব কীভাবে?
প্রথম আলো: সরকারি পাটকলগুলোকে কি আদৌ লাভজনক করা সম্ভব?
হুমায়ূন খালেদ: প্রথমত, স্বেচ্ছায় অবসরের মাধ্যমে অতিরিক্ত ১৫-২০ হাজার শ্রমিক ছাঁটাই করতে হবে। এটি হলে বছরে ২৫০-৩০০ কোটি টাকা বাঁচবে। দ্বিতীয়ত, পাটকলের পুরোনো যন্ত্রপাতি বদলে নতুন যন্ত্রপাতি আনতে হবে। তৃতীয়ত, দেশের ভেতরে পাটপণ্যের চাহিদা বাড়াতে বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহারের আইনটি বাস্তবায়ন করতে হবে। চতুর্থত, সরকারি পাটকলে শ্রমিকের মজুরি ৪০০ টাকা, বেসরকারি পাটকলে মজুরি ১৬০-২০০ টাকা। এই বৈষম্য কমাতে হবে। এসব যত দিন ঠিক না হবে, তত দিন বিজেএমসি লাভে যেতে পারবে না, সরকারকেও ভর্তুকি দিয়ে যেতে হবে।
প্রথম আলো: অর্থমন্ত্রী যে বললেন বন্ধ পাটকল চালু করা ভুল ছিল, এ নিয়ে আপনার মত কী?
হুমায়ূন খালেদ: এ সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তখনকার নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল পাট খাতকে বেগবান করা। প্রধানমন্ত্রীও এ ক্ষেত্রে ইতিবাচক। এখন উনি (অর্থমন্ত্রী) কেন এ কথা বলছেন যে বন্ধ পাটকল চালু করা ভুল হয়েছে? সারা বিশ্বে পাটের চাহিদা ভালো। সরকার ভুল করেছে এ কথা ঠিক নয়। এটা সরকারের ভালো সিদ্ধান্ত।
প্রথম আলো: এ সরকার যে পাঁচটি বন্ধ পাটকল চালু করল সেগুলোর অবস্থা কী?
হুমায়ূন খালেদ: পাঁচটা পাটকলই লাভজনক অবস্থায় আছে। এখানকার শ্রমিকেরা সবাই আউটসোর্সিং করা। স্থায়ী শ্রমিকদের চেয়ে তাদের বেতন কম। বাড়তি শ্রমিক নেই। ফলে পরিচালন ব্যয় ৩০-৩৫ শতাংশ কম।
প্রথম আলো: অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত কেন বাস্তবায়িত করা যাচ্ছে না?
হুমায়ূন খালেদ: কীভাবে হবে? অর্থ মন্ত্রণালয় বলেছে হোল্ডিং কোম্পানি করতে। কিন্তু শ্রমিকেরা এতে রাজি না। তারা আন্দোলন করছে। বিজেএমসিকে নিজের পায়ে দাঁড়াতে বলেছে। কিন্তু এত অতিরিক্ত শ্রমিক, এত মজুরি, নতুন করে যোগ হওয়া ২০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে কীভাবে নিজের পায়ে দাঁড়াব।
সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত