সরকার, শ্রমিক ও মালিকপক্ষ ভালো সহযোগিতা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির দুই দিনব্য​াপী সংলাপ গতকাল ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে। সংলাপের একটি অধিবেশনে অতিথি বক্তারা l ছবি: আইএলওর সৌজন্যে
বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির দুই দিনব্য​াপী সংলাপ গতকাল ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে। সংলাপের একটি অধিবেশনে অতিথি বক্তারা l ছবি: আইএলওর সৌজন্যে

তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য গত বছর বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এই কর্মসূচি সফলে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের যথেষ্ট সহযোগিতা করছে।
রাজধানীর র্যা ডিসন হোটেলে গতকাল রোববার শুরু হওয়া বেটার ওয়ার্ক বাংলাদেশ স্টেকহোল্ডার্স ফোরামের ‘অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ দেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। আইএলওর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মুজিবুল হক বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির চালকের আসনে বসে আছে তৈরি পোশাক খাত। তাই খাতটির প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়নে বেটার ওয়ার্ক কর্মসূচিকে আমরা স্বাগত জানিয়েছি।’
আইএলও এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) অংশীদারত্বে বর্তমানে আটটি দেশে বেটার ওয়ার্ক কর্মসূচি পরিচালিত হচ্ছে। গত বছর শুরু হওয়া এই কর্মসূচি বর্তমানে ৯৬টি পোশাক কারখানায় চলছে। এতে কাজ করেন ১ লাখ ৮৩ হাজার শ্রমিক। চলতি বছরের মধ্যে কর্মসূচিটি ২০০টি কারখানায় নিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে নতুন নতুন কারখানা যুক্ত হবে। সব মিলিয়ে বর্তমানে ১৮টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচির অধীন কারখানা থেকে পোশাক কিনছে।
আইএফসির এ দেশীয় পরিচালক ওয়েনডি জো ওয়ার্নার বলেন, ‘বেটার ওয়ার্ক কর্মসূচির আওতায় আমরা চাই বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ উন্নতি ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি ঘটুক। এটি হলে ক্রেতা প্রতিষ্ঠান ও ভোক্তাদের কাছ থেকে চাহিদা বাড়বে।’
অনুষ্ঠানের পর সংলাপে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন।