সরকার সচেষ্ট, মাহিন্দ্রাও ২০ লাখ টাকার কমে ফ্ল্যাট দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিন্দ্রার একটি আবাসন প্রকল্প
মাহিন্দ্রার একটি আবাসন প্রকল্প

ভারতের শহরগুলোতে বর্তমানে এক কোটি ৯০ লাখ ইউনিট আবাসনের ঘাটতি রয়েছে।এই সংখ্যা আগামী ২০২২ সাল নাগাদ বেড়ে তিন কোটিতে উন্নীত হবে বলে পূর্বাভাস রয়েছে।
এই অবস্থায় দেশটির নগর উন্নয়ন, গৃহায়ণ ও দারিদ্র্য বিমোচনমন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু গত বুধবার দিল্লিতে এক কর্মশালায় বলেছেন, ২০২২ সাল নাগাদ সবার জন্য আবাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য ও ইউনিয়ন টেরিটরিগুলোকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
কয়েক দিন আগে গাড়ি নির্মাতা ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান মাহিন্দ্রা গ্রুপ সম্প্রতি নাগরিকদের জন্য সহজলভ্য দামে আবাসনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে। এ জন্য তারা দুটি আবাসন প্রকল্প হাতে নিচ্ছে; যা দুই বছরে শেষ হবে।
মাহিন্দ্রা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মাহিন্দ্রা লাইফস্পেস ডেভেলপমেন্ট লিমিটেড (এমএলডিএল) মুম্বাইয়ের কাছে বৈসারে ও চেন্নাইয়ের আভাদিতে দুই হাজার ২০০ অ্যাপার্টমেন্টের এই প্রকল্প বাস্তবায়ন করবে। এর একেকটির দাম পড়বে ২০ লাখ ভারতীয় রুপির কম।
যেসব পরিবারের মাসিক আয় ২০ হাজার থেকে ৪০ হাজার রুপি, তাদের জন্যই প্রকল্পটি হাতে নিয়েছে মাহিন্দ্রা।
ভেঙ্কাইয়া নাইডু বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করতে সম্ভাব্য সব বিকল্পই কাজে লাগাতে হবে। এ জন্য অবশ্য বিপুল পরিমাণ সম্পদের প্রয়োজন রয়েছে। তাই কেন্দ্রীয় সরকার এমন একটি নীতিমালা তৈরি করবে, যাতে ব্যাংক ও আর্থিক খাতসহ সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণের পরিবেশ বজায় থাকে।
নাইডু স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করার মাধ্যমে অবৈধভাবে জমি দখল ও আবাসন নির্মাণের প্রবণতা রোধে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জোর দেন।
গ্রাম ও শহরের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ গড়ে তুলতে নাইডু উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘আঞ্চলিক ও নগর পরিকল্পনা’ প্রণয়নের সুপারিশ করেন।
নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের স্বাধীনতা লাভের হীরকজয়ন্তী বা ৭৫ বছর পূর্তির বছর আগামী ২০২২ সাল নাগাদ সবার জন্য আবাসন নিশ্চিত করার কথা বলার পরিপ্রেক্ষিতে মাহিন্দ্রা আবাসন প্রকল্প হাতে নিয়েছে।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা বলেন, ২০৩০ সাল নাগাদ ভারতের শহরগুলোতে জনসংখ্যা দাঁড়াবে ৬০ কোটিতে। ওই সময় নতুন কর্মসংস্থানের ৭০ শতাংশই হবে শহরকেন্দ্রিক। এতে অবশ্য ১৫ হাজার কোটি ডলারের বাজারও সৃষ্টি হবে।
সূত্র: বিজনেস লাইন