আগামী ২০১৬-২০১৭ অর্থবছরে ব্যাংক-ব্যবস্থা থেকে ৪৩ হাজার কোটি টাকা ঋণ নিতে চায় সরকার। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হবে ২৮ হাজার কোটি টাকা, আর স্বল্পমেয়াদি ঋণ ১৫ হাজার কোটি টাকা। আগামী বাজেটের ঘাটতি পূরণে এ ঋণ নেওয়ার প্রাক্কলন করেছে অর্থ মন্ত্রণালয়।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আগামী বাজেটে যদি ব্যাংক খাত থেকে ৪০ হাজার কোটি টাকার বেশি ঋণ নেওয়ার প্রাক্কলন করা হয়, আমি বলব এটা অনেক বেশি।’ তবে বাজেট বাস্তবায়নে ঘাটতি থাকে বলে এত টাকা ব্যাংকঋণ শেষ পর্যন্ত সরকার নিতে পারবে না বলে আশঙ্কাও রয়েছে তাঁর।
চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছিল ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা। এর মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ ২৪ হাজার ১৮২ কোটি টাকা এবং স্বল্পমেয়াদি ঋণ ১৪ হাজার ৩৪১ কোটি টাকা।
তার আগে ২০১৪-১৫ অর্থবছরেও ৩১ হাজার ২২১ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। যদিও সরকার ওই বছর ব্যাংক খাত থেকে প্রকৃতপক্ষে ঋণ নেয় ৩১ হাজার ৭১৪ কোটি টাকা।
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দিতে জরুরি ভিত্তিতে বাড়তি অর্থের দরকার পড়তে পারে। সে কারণেই ব্যাংক খাত থেকে ঋণের প্রাক্কলন বাড়িয়ে ধরা হচ্ছে বলে জানান বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থ বিভাগের একজন কর্মকর্তা। এই কর্মকর্তা অবশ্য এ-ও বলেন, আপাতত ৪৩ হাজার কোটি টাকার প্রাক্কলন করা হলেও এটা বাড়তে-কমতে পারে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটে ঘাটতি থাকছে বরাবরের মতো মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশের মধ্যেই।
চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ছিল ৮০ হাজার ৮৫৭ কোটি টাকা (এর মধ্যে রয়েছে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রাক্কলন ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা)। অনুদানসহ হিসাব করলে এই বাজেট ঘাটতি জিডিপির ৪ দশমিক ৭ শতাংশ, তবে অনুদান ছাড়া ৫ শতাংশ।
ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পাশাপাশি সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমেও সরকার আগামী অর্থবছরে ১৮ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চায়। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির প্রাক্কলন ছিল ১৫ হাজার কোটি টাকা। কিন্তু ১০ মাসেই বিক্রির লক্ষ্যমাত্রা ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এ বিষয়ে আরও মনোযোগ দিতে সরকারকে পরামর্শ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম। গতকাল মুঠোফোনে যোগাযোগ করলে প্রথম আলোকে তিনি বলেন, ‘বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যে থাকছে কি না, সেটা গুরুত্বপূর্ণ বেশি। আমার তো মনে হয়, সঞ্চয়পত্রের মুনাফার হার বেশি হওয়ায় এবং সে তুলনায় ব্যাংকঋণের সুদের হার কম হওয়ায় সরকারকে বরং আগামী অর্থবছরে ব্যাংকঋণেই মনোযোগ দেওয়া ভালো হবে।’
চলতি অর্থবছরে বহির্ভূত খাত থেকে সরকারের অর্থ সংগ্রহের পরিমাণ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে এবং আগামী অর্থবছরে এ অবস্থা চলতে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন মির্জ্জা আজিজও।
৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেটের আকার উল্লেখ করে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় তা ২৯ শতাংশ বৃদ্ধি পাচ্ছে, যা ‘অবাস্তব’ বলে মনে করেন সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজ।