৫০ হাজার টন চিনি আমদানির অনুমোদনের প্রস্তাব আজ উঠছে ক্রয় কমিটিতে
সরকার ৪৮ টাকা ২০ পয়সা কেজি দরে চিনি কিনছে
এক লাখ টন চিনির মধ্যে ৫০ হাজার টন আমদানির একটি প্রস্তাব অনুমোদনের জন্য আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠছে। ক্রয় কমিটি অনুমোদন করলে এ চিনি আমদানিতে খরচ পড়বে প্রতি কেজি ৪৮ টাকা ২০ পয়সা। আর চিনি আসবে আগামী ডিসেম্বরের মধ্যে।
প্রতি টনে ১ হাজার কেজি। সেই হিসাবে ৫০ হাজার টন চিনির পরিমাণ দাঁড়ায় ৫ কোটি কেজিতে। বাজার দর নিয়ন্ত্রণ ও ঘাটতি পূরণের কথা বলে সরকার এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনকে (বিএসএফআইসি) ১ লাখ টন চিনি আমদানির অনুমতি দেয়।
ক্রয় কমিটির অনুমোদনের জন্য বিএসএফআইসি গত সোমবার যে সারসংক্ষেপ পাঠায়, তাতে বলা হয় ৫০ হাজার টন চিনি আমদানির আন্তর্জাতিক দরপত্রে মোট চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে রিয়া ইন্টারন্যাশনাল, ইউনাইটেড সুগার মিলস, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ এবং গ্লোবোপিউ ইমপোর্ট-এক্সপোর্ট লিমিটেড।
বিএসএফআইসির চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন গতকাল মঙ্গলবার বলেন, ভোক্তাদের স্বার্থে এবং সরকারের মজুত বাড়াতে চিনি আমদানির প্রস্তাব ক্রয় কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
বিএসএফআইসির দরপত্র মূল্যায়ন কমিটির বিবেচনায় চার প্রতিষ্ঠানই যোগ্য বা রেসপনসিভ দরদাতা হয়। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা রিয়া ইন্টারন্যাশনাল। খরচ বাদে প্রতিষ্ঠানটি দর দিয়েছে প্রতি টন ৪৭০ মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময় মূল্য ৮২ টাকা ধরে প্রতি টনের দাম দাঁড়ায় ৩৮ হাজার ৫৪০ টাকা। ৫৫ হাজার টন চিনি আমদানিতে প্রতিষ্ঠানটি অন্য দরদাতাদের চেয়ে ২৭ কোটি টাকা কম দর প্রস্তাব জমা দিয়েছে।
দরপত্রের চর্চা অনুযায়ী ৫০ হাজার টনের সঙ্গে ১০ শতাংশ কম-বেশি হতে পারে। যদি ১০ শতাংশ বেশি হয় তাহলে শেষ পর্যন্ত চিনি আমদানি হতে পারে ৫৫ হাজার টন।
বিএসএফআইসির প্রস্তাবে ৫৫ হাজার টন চিনির দাম ২১১ কোটি ৩২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা এবং শুল্ক, বন্দর মাশুল, ব্যাংকের সুদ, বিমা ইত্যাদি আনুষঙ্গিক খরচ ৫৩ কোটি ৭৮ লাখ ৮১ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। সে হিসেবে মোট খরচ দাঁড়ায় ২৬৫ কোটি ১১ লাখ ১৯ হাজার ৩৫০ টাকা। তখন প্রতি কেজি চিনির দাম দাঁড়ায় ৪৮ টাকা ২০ পয়সা।
প্রস্তাবে সোমবার পর্যন্ত ৪২ হাজার টন চিনির মজুত রয়েছে বলে জানানো হয়। আরও বলা হয়, এই মজুতের মধ্যে সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসারদের জন্য সংরক্ষিত থাকবে ২৩ হাজার ৫০০ টন। তখন প্রকৃত মজুত দাঁড়াবে ১৮ হাজার ৫০০ টন চিনি, যা বাজার নিয়ন্ত্রণসহ জরুরি প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়।
ক্রয় কমিটিতে অনুমোদন পাওয়ার আরও কিছু যুক্তি তুলে ধরেছে সংস্থাটি। বলেছে, দেশে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার কারণে আখ উৎপাদনে ক্ষতির আশঙ্কা রয়েছে। ফলে আগামী নভেম্বর থেকে সরকারি চিনিকলগুলোতে যে পরিমাণ চিনি উৎপাদন হওয়ার কথা, তা না-ও হতে পারে।
চিনির বাজার নিয়ন্ত্রণে বিষয়টি নিরাপদ মজুত হিসেবে থাকবে এবং ভোক্তাদের সুলভে চিনির চাহিদা পূরণে সহায়ক হবে বলে যুক্তি দেয় বিএসএফআইসি। সংস্থাটি আরও বলেছে, তাদের মজুত কমে গেলে বেসরকারি চিনি পরিশোধনকারী কারখানাগুলো বিভিন্ন অজুহাতে চিনির দর বাড়িয়ে দেয়।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল ঢাকার বাজারগুলোতে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে চিনি বেচাকেনা হয়েছে।
পাইকারি চিনি ব্যবসায়ী আবুল হাশেম গত রাতে প্রথম আলোকে বলেন, চিনির সরবরাহ আদেশ (এসও) দর এখন প্রতি কেজি ৪৯ টাকা ৫০ পয়সা। মিল থেকে এ চিনি সরবরাহ নেওয়ার পর পরিবহন ভাড়াসহ সব খরচ মিলিয়ে দাম পড়ে ৫১ থেকে ৫২ টাকা।