সরকার ৫০ হাজার টন গম কিনবে
৫০ হাজার টন গম ও ৩০ হাজার টন ইউরিয়া সার কেনাসহ সাতটি দর প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।সচিবালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হচ্ছে: ভোলায় সাড়ে ৩৪ মেগাওয়াটের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ দুই বছর বৃদ্ধি। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে তিন টাকা ৫৭ পয়সা। বাকি চারটি প্রস্তাব বিদ্যুৎ সরঞ্জামাদি কেনাবিষয়ক।নূরুল করিম জানান, ৫০ হাজার টন গম সরবরাহ করবে ভারতীয় কোম্পানি এলএমজে ইন্টারন্যাশনাল লিমিটেড। টনপ্রতি দাম ৩৪৪ ডলার। এতে ব্যয় হবে ১৪১ কোটি ৫৫ লাখ টাকা। আর, কাফকো থেকে প্রথম লটের ৩০ হাজার টন ইউরিয়া সার কেনায় ব্যয় হবে ১০৭ কোটি ৬৪ লাখ টাকা। প্রতি টন সারের দাম ৪৩৬ দশমিক ৫০ ডলার।এ ছাড়া পল্লী বিদ্যুৎ সম্প্রসারণে ১৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ প্রদান প্রকল্পের আওতায় চারটি বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে।এর মধ্যে বিড প্যাকেজ-১৪-এর আওতাধীন ১৫ হাজার ৬৪০টি সরবরাহ ট্রান্সফরমার কেনায় ৮৯ কোটি টাকা, বিড প্যাকেজ-০৯-এর আওতাধীন ১৫ হাজার ৬৬০ কিলোমিটার বৈদ্যুতিক তার (কন্ডাক্টর বেয়ার) কেনায় ১১৫ কোটি ৯৮ লাখ টাকা, ৬৩টি পাওয়ার ট্রান্সফরমার কেনায় ৬৯ কোটি ৪২ লাখ টাকা এবং নয় হাজার ৪৬০ কিলোমিটার ইনস্যুলেটেড কন্ডাক্টর কেনায় ৪৩ কোটি ৯৩ লাখ টাকা ব্যয় হবে।