>

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে ২০২১ সাল পর্যন্ত কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। এ বিষয়ে গতকাল প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান এবং অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির সদস্য আমিরুল হক আমিন। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার
প্রথম আলো: অ্যাকর্ডের সময়সীমা বৃদ্ধি নিয়ে আপনারা এতটা উদ্বিগ্ন কেন?
মাহমুদ হাসান খান: অ্যাকর্ডের সঙ্গে যারা চুক্তিবদ্ধ ছিল, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল যে অ্যাকর্ডের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে করা হবে। তবে আমরা দেখলাম, তারা বাংলাদেশ সরকার এবং পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএকে বাদ দিয়েই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এ বিষয়ে অ্যাকর্ডের মূল অংশীদারেরা প্রতিশ্রুতি না দিলেও আলোচনা হওয়ার কথা ছিল। সেটি না হওয়ায় আমরা উদ্বিগ্ন। আরেকটি কারণ হচ্ছে, তারা একের পর এক আওতা বাড়াচ্ছে। অ্যাকর্ডের নতুন সংস্করণ অনুযায়ী, কোম্পানিগুলো বাংলাদেশ থেকে পোশাকের পাশাপাশি অন্য যেসব কারখানা থেকে পণ্য কেনে, চাইলে সেসব কারখানাও পরিদর্শনের আওতায় নিতে পারবে তারা। সেটি সুতা, কাপড়, প্যাকেজিং জুতার কারখানা হতে পারে। আগে বিষয়টি থাকলেও এবার বেশি জোর দেওয়া হচ্ছে। আমাদের কথা হচ্ছে, পোশাকের মতো অন্য কারখানার নিরাপত্তা নিশ্চিত করলে আপত্তি নেই। তবে এ কাজের জন্য জাতীয় উদ্যোগ আছে। ফলে অন্য কারখানায় কাজ করতে গিয়ে অ্যাকর্ডের সময়কালই কেবল বাড়বে। এ ছাড়া প্রশিক্ষণের নামে অ্যাকর্ড কারখানাগুলোতে শ্রমিক সংগঠনের অধিকারের বিষয়ে খবরদারি করার চেষ্টা চালাবে। কিন্তু এই কাজ করার জন্য শ্রম মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও) ও ৫০টির বেশি ফেডারেশন আছে।
প্রথম আলো: আপনারা বলছেন অ্যাকর্ড একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে প্রক্রিয়াটি কী হওয়া উচিত ছিল?
মাহমুদ হাসান খান: ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান এবং শ্রমিক সংগঠন—এই দুই পক্ষ নিয়ে গঠিত হয়েছে অ্যাকর্ড। সব সিদ্ধান্ত তারাই নিচ্ছে। কিন্তু আমরা মনে করি, পুরো প্রক্রিয়ায় আসলে চারটি পক্ষ—ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, বাংলাদেশ সরকার ও পোশাক কারখানার মালিক। ফলে দুটি পক্ষকে বাদ না দিয়ে সিদ্ধান্ত নিয়েছে অ্যাকর্ড। কিন্তু সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা আরও মনে করি, অ্যাকর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার আলাদা ভোটিং ক্ষমতা থাকা উচিত।
প্রথম আলো: নতুন সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকর্ড যদি কারখানাগুলোতে শ্রমিক সংগঠনের স্বাধীনতা তদারক করে, তাহলে সমস্যা কোথায়?
মাহমুদ হাসান খান: আমি আগেই বলেছি, শ্রমিক সংগঠনের অধিকারের বিষয়ে শ্রম মন্ত্রণালয়, আইএলও এবং শ্রমিক ফেডারেশন কাজ করছে। সবারই নিজেদের এখতিয়ার অনুযায়ী কাজ করা উচিত। বিজিএমইএ এখন যদি বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএতে গিয়ে খবরদারি করে, তাহলে তো হবে না। অ্যাকর্ডের নামের মধ্যেই আছে তারা কারখানার অগ্নি ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিয়ে কাজ করবে। ফলে শ্রমিক সংগঠনের অধিকার নিশ্চিত করা তাদের কাজ নয়। তাহলে যারা এসব নিয়ে কাজ করছে, তাদের কী ভূমিকা হবে?
প্রথম আলো: তিন বছর সময় বাড়ানোর সিদ্ধান্ত থেকে অ্যাকর্ড সরে না এলে আপনারা কী করবেন?
মাহমুদ হাসান খান: আমরা সরকারকে অবহিত করেছি। অ্যাকর্ডের বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সরকার যদি মনে করে, অ্যাকর্ড থাকলে ভালো হবে, তাহলে থাকবে। অন্যথায় চলে যাবে। শেষ পর্যন্ত সরকার যদি অনুমতি দেয়, তাহলে অ্যাকর্ডের নিয়ম মেনে যাঁরা ব্যবসা করতে পারবেন, তাঁরা থাকবেন। অন্যরা ব্যবসা গুটিয়ে চলে যাবেন।