সরকারকে ঋণ দিয়েই ব্যাংকের মুনাফা
বিনিয়োগে মন্দা। আমদানি ও রপ্তানিতে যে প্রবৃদ্ধি, তাও তেমন আশাব্যঞ্জক নয়। প্রবাসী-আয়ে (রেমিট্যান্স) ঋণাত্মক প্রবৃদ্ধি রয়েছে। তার পরও দেশের ব্যাংক খাতে ষাণ্মাসিক পরিচালন মুনাফা ভালোই হয়েছে।
সরকার এ ক্ষেত্রে বাঁচিয়ে দিয়েছে ব্যাংকগুলোকে। মূলত, সরকার যে ব্যাংকঋণ নেয়, সেখানে অর্থ খাটিয়েই ব্যাংকগুলো এই ছয় মাসে বড় আয় করেছে।
বছর দুয়েকের বেশি সময় ধরেই ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য রয়েছে। এই তারল্য বা নগদ অর্থের পাহাড় ব্যাংকের জন্য দায়। কিন্তু এ দায় আরও বাড়ত, যদি না তারা সরকারের কাছে উচ্চ সুদে টাকা খাটাতে পারত।
গত বছরের শেষভাগ থেকে রাজনৈতিক অস্থিরতায় দেশের ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে। এ বছরের শুরুতে অস্থিরতা থাকলেও তা কমে যায় কিছুদিনের মধ্যে। কিন্তু চাহিদা না থাকায় ব্যাংকগুলো বিশেষত শিল্প খাতে বা মেয়াদি বিনিয়োগে যেতে পারেনি।
হল-মার্ক, বিসমিল্লাহর ঋণ কেলেঙ্কারি, বেসিক ব্যাংকে জালিয়াতির ঋণ বিতরণসহ নানা ধরনের অনিয়ম-জালিয়াতির কারণে ব্যাংকগুলোর ঋণ বিতরণে একধরনের কড়াকড়ি ছিল। তার ওপর দেশের সামগ্রিক বিনিয়োগে মন্দা চলছে। আবার বেসরকারি খাতে বিদেশ থেকে ঋণ আনার বিধান (বায়ার্স ক্রেডিট) ব্যাংকের অর্থ খাটানোর সুযোগকে সীমিত করে।
সামগ্রিক বিষয়ে মতামত জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলেই দেখা যাবে যে ব্যাংকগুলো সরকারের কাছে টাকা খাটানোর মতো একটা নিশ্চিত বিনিয়োগের মধ্যে ঢুকে পড়েছে। সরকারের কাছে এই অর্থ খাটানোয় আয়ও বেশি হয়। তিনি বলেন, ‘বেসরকারি খাতকে উৎসাহিত করে দেশজ প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা তা ব্যাংকগুলোর মনস্তাত্ত্বিক জগতে নেই বলেই মনে হয়। আবার সরকারের অর্থ খরচও কিন্তু চলতি ব্যয়ের মধ্যেই রয়েছে। ফলে অর্থনীতির জন্য দীর্ঘ মেয়াদে প্রয়োজনীয় পদক্ষেপ এটা নয় বলেই মনে হয়।’
বিগত সময়ে সামগ্রিক আমদানি কমে গেছে। পরিমাণে যতটা কমেছে, তার চেয়ে বেশি কমেছে পণ্যের দামে। ফলে আয় কমেছে ব্যাংকের।
কয়েক বছর ধরে শেয়ারবাজারে মন্দা রয়েছে। সেই মন্দায় ব্যাংকের বিনিয়োগও আটকে আছে। মুনাফা আসেনি এ খাতেও। মুদ্রাবাজারে টাকার প্রবাহ কয়েক বছর ধরেই বেশি। এ বাজারে কলমানিতে টাকা খাটিয়ে সুদ আয় মাত্র ৬ থেকে ৭ শতাংশের মধ্যেই সীমিত রয়েছে, যা ব্যাংকগুলো তহবিল ব্যয়ের (আমানত ও পরিচালনগত ব্যয়) চেয়ে কম। ফলে আয় আসেনি এ খাতেও।
ব্যবসা-বাণিজ্যের আরও কতকগুলো খাতে সমস্যা হচ্ছে। যেমন—রিয়েল এস্টেট বা আবাসন খাতের বেচাবিক্রি কমে গেছে। বেশকিছু ঋণগ্রহীতা ভিন্ন খাতে বিনিয়োগ ও ব্যবসার জন্য ঋণ নিয়ে এ খাতে বিনিয়োগ করেছিল বড় মুনাফার আসায়। এখন বেচাবিক্রি না হওয়াতে ব্যাংকের টাকাও ফেরত আসছে না।
এর আগে বাংলাদেশ ব্যাংকের সমীক্ষা ও প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে, বিশেষত চট্টগ্রামের ১০-১৫ জন বড় ব্যবসায়ীর কাছে আটকে আছে ৪০-৫০ হাজার কোটি টাকা। ব্যবসায়ীরা স্বল্প মেয়াদে ৯০ থেকে ১২০ দিনের জন্য এসব বিশ্বাসী ঋণ বা লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিট (এলটিআর) নিয়েছিলেন, যা এখন মেয়াদি ঋণ ও খেলাপিতে পরিণত হয়েছে। এঁদের কয়েকজন ব্যবসায়ী ইতিমধ্যেই দেশ ছেড়েও পালিয়েছেন। এ খাত থেকেও আয় যোগ হয়নি এবার।
তবে সরকারের ব্যাংক থেকে ঋণ করার উপাদান ট্রেজারি বন্ড-বিলসে বিনিয়োগ করে ভালো আয় হয়েছে ব্যাংকগুলোর। বলা চলে, এটি ব্যাংকগুলোর বড় আয়ের জোগান দিয়েছে। সরকারের কাছে খাটানো টাকা বা ‘আনএনকামবার্ড সিকিউরিটিজে’ ব্যাংকের বিনিয়োগের হার বেড়েছে আগের বছরের চেয়ে ৭৪ ভাগের বেশি। এটাই ব্যাংকের আয়ের অন্যতম খাত হয়েছে এবার।
অবশ্য আরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ দিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক। তা হলো গত বছরের শেষ সময়ে এসে সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণ শ্রেণীকরণ (খেলাপি) সংক্রান্ত তাদের এর আগের গৃহীত কিছু সিদ্ধান্তে সাময়িক ছাড় দিয়েছে, যা ব্যাংকগুলোর জন্য ‘শাপে বর’ হয়। উপরন্তু, কোনো কোনো ব্যাংক তাদের কিছু কিছু ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার আশঙ্কায় আগেই নবায়ন দেখিয়েছে বলেও তথ্য মিলছে, যা মুনাফাকে স্ফীত করতে সহায়ক হয়েছে।
এসব বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের (এমডি) সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার বলেন, পরিচালন মুনাফা যা-ই হোক, কর-পরবর্তী মুনাফা অনেক কমে যাবে। যে কারণে শেয়ারপ্রতি আয়ও কমবে। খেলাপি ঋণও বাড়বে। তিনি স্বীকার করে বলেন, ‘এ কথা সত্য যে ট্রেজারি বিলস ও বন্ডে আমাদের আয় ভালো হয়েছে।’
অন্যদিকে পূবালী ব্যাংকের এমডি ও এবিবির ভাইস চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী যোগ করেন, অবকাঠামোর দুর্বলতায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আবার বিদেশ থেকে ঋণ আসাতেও ব্যাংকঋণ বিতরণ কমেছে।
প্রকৃত মুনাফা নয়: বাংলাদেশে ব্যাংক খাতে পরিচালন মুনাফা প্রকাশের ওপর নানা ধরনের বিধিনিষেধ রয়েছে। ফলে ব্যাংকগুলো পরিচালন মুনাফা প্রকাশ করতে পারে না। এই বিধিনিষেধ এসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) থেকে। এসইসি মূল্য সংবেদনশীল বিবেচনায় এই তথ্য প্রকাশ করতে দিতে চায় না। আর বাংলাদেশ ব্যাংকও তাতে সম্মতি দিয়েছে। তবে শেয়ারবাজারে যাঁরা প্রতিনিয়ত কেনাবেচা করেন এবং যাঁদের হাতে কোনো ব্যাংকের শেয়ার রয়েছে, তাঁরা ব্যক্তি যোগাযোগের মাধ্যমেই এ তথ্য আগেভাগেই পেয়ে থাকেন। সে ক্ষেত্রে সংবাদপত্রে তথ্য প্রকাশিত হলে সব বিনিয়োগকারীই একই তথ্য পেতে পারেন।
অন্যদিকে বিশ্বব্যাপী পরিচালন মুনাফা প্রকাশ একটি সাধারণ নিয়মের বিষয়। তবে নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। বছর শেষে পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ এবং কর (৪২.৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফার হিসাব হয়। উপরন্তু, প্রাথমিকভাবে ব্যাংকগুলোর সূত্রের মাধ্যমে পাওয়া এই তথ্য-উপাত্ত কিছুটা কমবেশি হতে পারে। কেননা কোনো কোনো ব্যাংকের জুন হিসাব আপাত শেষ হলেও এর অনেক ক্ষেত্রে হিসাব চূড়ান্ত করতে আরও কয়েক দিন লেগে যেতে পারে। ফলে এতে মুনাফার টাকা কমে বা বেড়ে যেতে পারে। শেয়ারবাজারে বিনিয়োগকারীকে অপেক্ষা করতে হয় নিট বা প্রকৃত মুনাফার হিসাব পাওয়া পর্যন্ত।