সরকারকে চাল দিতে নারাজ খুলনার মিলমালিকেরা
খুলনায় ৩৪ টাকা কেজিতে সরকারের কাছে চাল বিক্রি করতে রাজি নন জেলার চালকলের মালিকেরা। জেলাটিতে এ বছর অনেক সক্ষম মিলমালিক চাল সরবরাহের চুক্তি করেননি। অন্যদিকে যাঁরা চুক্তি করেছেন, তাঁদের বেশির ভাগই চাল দিচ্ছেন না।
সব মিলিয়ে জেলাটিতে চলতি বোরো মৌসুমে সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। মিলমালিকেরা বলছেন, বাজারে ধানের দাম বেশি। ফলে সরকার চালের যে দর দিয়েছে, তাতে লোকসান দেওয়া ছাড়া চাল সরবরাহের উপায় নেই।
জেলায় চাল সংগ্রহের জন্য মিলারদের সঙ্গে চুক্তির শেষ দিন ছিল ৩১ মে। জেলার চুক্তিযোগ্য ১৭৫ জন মিলারের মধ্যে চুক্তিবদ্ধ হন ১০৩ জন, যাঁরা ২ হাজার ৬৮৪ মেট্রিক টন চাল দেবেন। অথচ চলতি বোরো মৌসুমে খুলনা মহানগরসহ ৯ উপজেলায় ৮ হাজার ৩৩৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চাল সংগ্রহ অভিযানে এবার সরকার সেদ্ধ চাল প্রতি কেজি ৩৪ টাকা এবং আতপ চাল প্রতি কেজি ৩৩ টাকা নির্ধারণ করেছে। চাল সংগ্রহ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খুলনায় ২১১ টন সেদ্ধ, আতপ ১১০ টনসহ মোট ৩২০ টন চাল সংগ্রহ করা হয়েছে। এর বেশির ভাগই বটিয়াঘাটা থেকে। ডুমুরিয়া ও ফুলতলা থেকেও কিছু সংগ্রহ করা হয়েছে। খুলনা নগর ও রূপসার মিলারদের কাছ থেকে সবচেয়ে বেশি পাওয়ার চুক্তি থাকলেও সেখান থেকে এক ছটাক চালও সংগ্রহ হয়নি।
খুলনা জেলা ও মহানগর রাইস মিলস মালিক সমিতির সভাপতি মুহা. মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, এখনকার বাজারে প্রতি কেজি চালের উৎপাদন খরচ পড়ছে ৩৮ টাকার ওপর। সরকার চাল কিনছে কেজিপ্রতি ৩৪ টাকায়। তিনি বলেন, ‘নিশ্চিত লোকসান জেনেও আমরা সরকারকে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপরও চুক্তি অনুয়ায়ী চাল দেওয়া মিলারদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে।’
ওই মিলমালিক উল্লেখ করেন, প্রতি মণ বোরো ধানের বাজারমূল্য ৮৭০ থেকে ৮৮০ টাকা। এর সঙ্গে চালকলে খরচ যুক্ত হচ্ছে আরও ১০০ টাকার ওপর। ধানের শ্রেণিভেদে প্রতি মণে চাল উৎপাদন হয় ২৬ থেকে ২৭ কেজি। কিন্তু এ বছর ধানের মান খারাপ হওয়ায় চাল হচ্ছে ২২ থেকে ২৩ কেজি।
জেলার লবণচরা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন মিলমালিক প্রথম আলোকে বলেন, সরকার যে মানের চাল সংগ্রহ করে, সেই মানের ধান খুলনায় খুব একটা উৎপাদিত হয় না। ফলে বাইরের জেলা থেকে ধান কিনে এনে চাল বানাতে হয়। ৩৪ টাকায় চাল দিতে গেলে প্রচুর লোকসান হবে।
এদিকে জেলার কৃষকেরা এবার ধানের বেশ ভালো দাম পেয়েছেন। বটিয়াঘাটার কৃষক মোস্তফা জামাল বলেন, বাজারে ধানের দাম বেশ ভালো। ওঠার পরপরই ভালো দাম পাওয়ায় অধিকাংশ ধান বিক্রি করে দিয়েছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনার উপপরিচালক মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, এ বছর খুলনায় গত বছরের চেয়ে বেশি ধান উৎপাদিত হয়েছে। জেলায় এবার ৫২ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়। এতে ২ লাখ ১৯ হাজার টন ধান উৎপাদিত হয়। গত বছরের চেয়ে তা কিছুটা বেশি।
অবশ্য বাজারে চালের দাম বেশ বেশি। খুলনার খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল সর্বনিম্ন ৪১-৪২ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকারের ক্রয়মূল্যকে (৩৪ টাকা কেজি) অযৌক্তিক বলতে রাজি নন খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেন। তিনি বলেন, অনেক মিলার সদিচ্ছা পোষণ না করায় চুক্তি করেননি। যাঁরা চুক্তি করেননি বা যাঁরা চুক্তি অনুয়ায়ী চাল দিতে পারবেন না, তাঁদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।