সরকারকে ব্যবসায়িক মনোবৃত্তিতে পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমালে দেশের অর্থনীতিতে যে ইতিবাচক প্রভাব পড়বে, তা সরকার বিবেচনায় নিচ্ছে না বলে অভিযোগ করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সভাপতি গোলাম রহমান বলেছেন, সরকারকে ব্যবসায়িক মনোবৃত্তিতে পেয়ে বসেছে। কর্তাব্যক্তিদের দৃষ্টি লাভের দিকে।
আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপলক্ষে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গোলাম রহমান এসব কথা বলেন। ‘বাজেট ও ভোক্তা-স্বার্থ: কয়েকটি প্রস্তাব’ শীর্ষক এ সংবাদ সম্মেলনটি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে ক্যাবের পক্ষ থেকে আগামী বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতার করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা করা, বিদ্যুতের দাম কমানো, মূল্য সংযোজন করের (মূসক) হার সহনীয় রাখা, জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে ভর্তুকি দেওয়ার জন্য তহবিল গঠন, শিক্ষার্থীদের বেতন না বাড়ানো, করদাতার সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে সহনীয় হারে মূসক আরোপের অনুরোধ জানিয়ে গোলাম রহমান বলেন, রাজস্ব প্রশাসনের সংস্কারের মাধ্যমে ফাঁকি রোধ করা গেলে মূসক আয় অনেক বাড়বে। কারণ, এখন অনেক ব্যবসায়ী মূসক আদায় করেন ঠিকই, কিন্তু তা কোষাগারে জমা দেন না। দেশের অনেক মানুষ এখনো আয়করের আওতার বাইরে আছে উল্লেখ করে ক্যাব সভাপতি আরও বলেন, করদাতার সংখ্যা বৃদ্ধির চেষ্টা আরও গতিশীল করা প্রয়োজন। অন্যদিকে জীবনযাপনের ব্যয় বৃদ্ধি পাওয়ায় করমুক্ত আয়সীমা ন্যূনতম তিন লাখ টাকা নির্ধারণ করা সমীচীন হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরও সরকার দেশে দাম কমানোর অবস্থান থেকে সরে এসেছে উল্লেখ করেন গোলাম রহমান। এ প্রসঙ্গেই তিনি সরকারকে ব্যবসায়িক মনোবৃত্তিতে পেয়েছে বলে মন্তব্য করেন। তবে বছরে অন্তত একবার এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে পারে।
সরকার ইতিমধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে উল্লেখ করে ক্যাব সভাপতি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় বিদ্যুতের উৎপাদন ব্যয় কমেছে। এতে দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই। বড় বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে কুইক রেন্টাল কেন্দ্রগুলো বন্ধ করে দিতে হবে। এতে উৎপাদন খরচ কমবে। তিনি পানির দাম, গণপরিবহনের ভাড়া, চিকিৎসা ব্যয়, ওষুধের দাম গণশুনানি করে নির্ধারণ করতে কমিশন গঠনের দাবি জানান।
সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বেতন পাঁচ গুণ বৃদ্ধির যে ঘোষণা দিয়েছেন, তা তাঁর মনের কথা নয় বলে মন্তব্য করেন গোলাম রহমান। তিনি মেয়েদের জন্য স্নাতক ও সব শিক্ষার্থীর জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করে আইন করার প্রস্তাব দেন এবং এ জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখার অনুরোধ জানান অর্থমন্ত্রীকে।
সংগঠনটির জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, সরকার ষড়যন্ত্র করে বিইআরসিকে পাশ কাটিয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ঠিক করছে।
সংবাদ সম্মেলনে ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসেইন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন।