সরকারকে ব্যয় সমন্বয় করতে হবে: বিশ্বব্যাংক
আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য ব্যয় সমন্বয়ের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। রাজস্ব আদায়ে পাঁচ হাজার কোটি টাকা ঘাটতি থাকতে পারে, এমন বিবেচনায় এই পরামর্শ দিয়েছে সংস্থাটি। এই দাতা সংস্থা বলছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অগ্রাধিকারমূলক বড় প্রকল্প বাস্তবায়নে বেশি মনোযোগী হতে হবে, যা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। অবকাঠামো ও সামাজিক খাতে অর্থ বরাদ্দ না কমানোই উচিত বলে মনে করে বিশ্বব্যাংক। আর শেয়ারবাজারে সরকারি বিনিয়োগ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। তার পরও সংস্থাটি মনে করে, আগামী অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ হারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন কষ্টকর হবে। আগামী অর্থবছরের বাজেট মূল্যায়ন উপলক্ষে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক এসব কথা বলেছে। ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক ইয়োহানেস জাট, প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব-সংক্রান্ত ঝুঁকি রয়েছে বলে মনে করে বিশ্বব্যাংক। অভ্যন্তরীণ ঝুঁকিগুলোর মধ্যে অন্যতম হলো রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি। শিল্প খাতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে, বিশৃঙ্খলা ও ভাবমূর্তি-সংকটকে আগামী অর্থবছরে আরেকটি ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর অর্থায়ন পরিস্থিতির অবনতি হয়েছে। বহির্বিশ্বের ঝুঁকির মধ্যে আছে ২০১৩ সালে ইউরো অঞ্চলে প্রবৃদ্ধি সংকোচনের প্রভাবে ভোক্তা চাহিদা কমে আসা ও জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা। রাজস্ব: বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা থেকে তিন হাজার কোটি টাকার রাজস্ব আদায় কম হতে পারে। আগামী অর্থবছরে এর পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা হতে পারে। রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে যদি অর্থনীতির আকার বাড়ে এবং কর প্রশাসন সংস্কার করে রাজস্ব আদায় বাড়ানো যায়। তবে ন্যূনতম করমুক্ত সীমা বাড়ানো ও কর অবকাশ সুবিধার মেয়াদ বাড়ানোর ফলে কর আদায় কমবে। নতুন করদাতার সংখ্যা বাড়িয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এডিপি: বিশ্বব্যাংক মনে করে, আগামী অর্থবছরে রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশ যাবে। তাই পুরো এডিপি বাস্তবায়ন না করলে ক্ষতি হয়ে যাবে, তা নয়। গুণগত মান বজায় রেখে বড় ও অগ্রাধিকারমূলক প্রকল্প বাস্তবায়নে বেশি মনোযোগী হতে হবে, যা প্রবৃদ্ধির জন্য সহায়ক ও অর্থনীতির জন্য মঙ্গলজনক। পরিবহন খাতে সাতটি এবং বিদ্যুৎ খাতে আটটি বড় প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।চলতি বাজেট: চলতি অর্থবছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির অনুপাতে এক শতাংশ কমে যাবে। আর আগের বছরের চেয়ে মোট জাতীয় সঞ্চয় দেড় শতাংশ বাড়বে। বিশ্বব্যাংক প্রশ্ন করেছে, এর ফলে সঞ্চয়ের ২৭০ কোটি ডলার কোথায় গেল?তবে নিম্নগামী থাকায় চলতি অর্থবছরে মূল্যস্ফীতি শেষ পর্যন্ত সহনীয় মাত্রায় থাকবে বলে মনে করে বিশ্বব্যাংক। আর আগামী অর্থবছরে মূল্যস্ফীতির হার ৭ শতাংশের মধ্যে বেঁধে রাখা সম্ভব বলে মনে করে সংস্থাটি। আর বিশ্বব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। কালো টাকা প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘এ ধরনের সুযোগ দেওয়ার অর্থনৈতিক যুক্তি খুঁজে পাই না।’ আবাসিক পরিচালকের মূল্যায়ন: ইয়োহানেস জাট বাংলাদেশের অর্থনীতি মূল্যায়ন করে বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ ভালো করছে। ইউরোপ-সংকটের পর বাংলাদেশের অর্থনীতি বেশ চাঙা ছিল। রানা প্লাজার দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি ‘অবর্ণনীয়’ ট্র্যাজেডি। সারা বিশ্বের এর প্রতি নজর রয়েছে। অথচ এটি এড়ানো যেত। পদ্মা সেতু বিষয়ে এক প্রশ্নের জবাবে ইয়োহানেস জাট বলেন, সরাসরি অর্থসহায়তা দেবে না বিশ্বব্যাংক। কিন্তু অন্য প্রকল্পে অর্থসহায়তা অব্যাহত থাকবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে এটা পরোক্ষভাবে বিশ্বব্যাংকের একধরনের সহায়তাই হবে।