বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রিপর্যায়ের সম্মেলনে বাংলাদেশ সরকারের অবস্থান প্রকাশ করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ, কৃষক ও শ্রমিকদের ১৮টি সংগঠন। একই সঙ্গে সম্মেলনে যোগদানের আগে অবস্থান চূড়ান্ত করতে নাগরিক সমাজের সঙ্গে আলোচনারও দাবি করা হয়েছে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ১৮টি সংগঠনের ডাকা এক সংবাদ সম্মেলনে বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আসন্ন ডব্লিউটিও সম্মেলনে টিসা (ট্রেড ইন সার্ভিসেস এগ্রিমেন্ট) এবং বাণিজ্য সহায়তা চুক্তির মতো যেসব চুক্তি পাস হতে যাচ্ছে তা ব্যাপকভাবে পানি, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক সেবা খাতে মানবাধিকারকে খর্ব করবে। একই সঙ্গে জাতিসংঘের ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডাকে করপোরেট মুনাফার বলিতে পরিণত করবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত টিসা ও বাণিজ্য সহায়তার মতো চুক্তি ধনী দেশের বড় বড় করপোরেশনগুলোকেই সহায়তা করবে এবং উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ থেকে তাদের বিপুল পরিমাণ মুনাফা তুলে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে।
সংবাদ সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইক্যুইটিবিডির মোস্তফা কামাল আকন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দেওয়ান মোহাম্মদ আলী, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের জাহাঙ্গীর হাসান মাসুম, এসোর নির্বাহী পরিচালক শামীমা আখতার প্রমুখ। ইক্যুইটিবিডির বরকত উল্লাহ মারুফ জোটের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন।