সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) পরিবর্তে সরকারি অর্থায়নে পোশাক শিল্পপার্ক স্থাপনের দাবি করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।এ ক্ষেত্রে সরকার নির্ধারিত পদ্ধতিতে তৈরি পোশাক-মালিকেরা প্রকল্পের ব্যয় পরিশোধ করবেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে গতকাল তাঁর দপ্তরে সাক্ষাৎ করে বিজিএমইএর একটি প্রতিনিধিদল এ প্রস্তাব দেয়। বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, বিজিএমইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান, মহাসচিব এহসান উল ফাত্তাহ, গার্মেন্টসপল্লি স্থাপন-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খন্দকার এম রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়।বিজিএমইএর নেতারা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা ক্রমেই বাড়ছে। জনবলসংকটের কারণে শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীনও এখন বাংলাদেশের পোশাকের ওপর নির্ভর করছে। সেই দেশের অনেক খ্যাতনামা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক কিনে তাদের ব্যবসা সম্প্রসারিত করছে। বিজিএমইএ নেতারা বলেন, তৈরি পোশাক শিল্পমালিকেরা পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে আগ্রহী। এ জন্য গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকায় তৈরি পোশাক শিল্পপার্ক স্থাপনে সরকারিভাবে জমির ব্যবস্থা করা হলে বিজিএমইএ নিজ উদ্যোগেই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণ করবে।জবাবে শিল্পমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ার বাউসিয়া এলাকায় ৩০০ একর জমির ওপর গার্মেন্ট শিল্পপার্ক স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৭৪৫ কোটি ৫০ লাখ টাকা। এতে ডাইং, ওয়াশিং ও ফিনিশিং শিল্পের জন্য ৯৭৬টি শিল্প-প্লট থাকবে। প্রকল্পটিতে সিইটিপি, ডাম্পিং ইয়ার্ডসহ আধুনিক ও পরিবেশবান্ধব শিল্পপার্কের অন্যান্য সুবিধাও থাকবে।পিপিপির আওতায় বাস্তবায়নের জন্য চলতি ২০১২-১৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে বলে শিল্পমন্ত্রী উল্লেখ করেন।দিলীপ বড়ুয়া আরও বলেন, এ বছরের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ডি-৮ শিল্পমন্ত্রীদের সম্মেলন ডি-৮ভুক্ত দেশগুলোতে তৈরি পোশাকসহ বাংলাদেশি শিল্পপণ্য রপ্তানি প্রসারের চমৎকার সুযোগ সৃষ্টি করবে।