সরকারি কারখানার অব্যবহূত জমির তালিকা হবে
রাষ্ট্রায়ত্ত বিভিন্ন শিল্প কল-কারখানার অব্যবহূত জমি কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ‘বিনিয়োগ উন্নয়নকল্পে বেসরকারি কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আলী হোসেন জানান, অব্যবহূত জমির পরিমাণ কত, তা এখনো সরকারের অজানা। জমির পরিমাণ নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে অব্যবহূত জমির তালিকা তৈরি করবে। তারপর তা আবারও উপস্থাপন করা হবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বেসরকারীকরণ কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা এ কমিটিতে থাকবেন বলে জানা গেছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনভিভিএনের মধ্যে স্বাক্ষরিত পাওয়ার পারসেস অ্যাগ্রিমেন্টেরও (পিপিএ) নীতিগত অনুমোদন দিয়েছে গত রোববার। এ দফায় ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বেক্সিমকো পাওয়ার কোম্পানি ও চট্টগ্রাম পাওয়ার কোম্পানি নামক দুই কোম্পানি থেকে বিদ্যুৎ কেনার অনুমোদন দেওয়া হয়। বেক্সিমকো পাওয়ার কোম্পানির সম্ভাব্য মোট উৎপাদন ৫৪০ মেগাওয়াট থেকে ৪০ শতাংশ এবং চট্টগ্রাম পাওয়ার কোম্পানির ১৫০ মেগাওয়াট থেকে ১০ শতাংশ কিনবে সরকার। প্রতি কিলোওয়াট বেক্সিমকো পাওয়ার থেকে চার টাকা ৯৭ পয়সা এবং চট্টগ্রাম পাওয়ার থেকে চার টাকা ৫১ পয়সা দরে কেনা হবে। আলী হোসেন জানান, বেক্সিমকো পাওয়ার কোম্পানির এখনো স্থান নির্বাচিত হয়নি। তবে চট্টগ্রাম পাওয়ার কোম্পানি হবে মিরসরাইতে। কোম্পানি দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করবে বলে জানান উপসচিব। এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণের জন্য তালিকাভুক্তির অনুমোদন করা হয়েছে। এগুলো হচ্ছে, সিলেট টেক্সটাইল, কুড়িগ্রাম টেক্সটাইল মিল, চট্টগ্রামের ভালিকা ওলেন মিল, চট্টগ্রামের ডাইং অ্যান্ড প্রিন্টিং মিল এবং ব্রাহ্মণবাড়িয়া সার্ভিস অ্যান্ড ফেসিলিটিজ সেন্টার। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রীর সভাপতিত্বে রোববার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চারটি দরপ্রস্তাব অনুমোদিত হয়েছে। আলী হোসেন জানান, ‘স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ওভারসাইট বা এসপিও’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটি এবং অনুমিত হিসাব-সম্পর্কিত কমিটিকে কারিগরি সহায়তা দেওয়াসংক্রান্ত। সহায়তা দেবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট (ওপিএম)। ক্রয় কমিটিতে ওপিএমকে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২১ লাখ ৫৫ হাজার ৩৮২ ডলার। এ ছাড়া উত্তরা আবাসিক শহর তৃতীয় প্রকল্পের আওতায় ৯ ও ১১ নম্বর সেতু নির্মাণকাজের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এতে ২৮ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ভেতরে লেক ও খালের ওপর সেতু নির্মাণকাজের দরপ্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে তিনটি সেতু নির্মাণে ব্যয় হবে ৯৮ কোটি টাকা। অন্য প্রস্তাবটি গম আমদানিসংক্রান্ত। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১২৪ কোটি ৯৭ লাখ টাকা। প্রতি টন গম কেনা হবে ৩০৩ দশমিক ৯ ডলারে। কাজ পেয়েছে ভারতের এলএমজে ইন্টারন্যাশনাল।