সরকারি কারখানার পড়ে থাকা জমিতে শিল্প হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি চিহ্নিত করে তাতে নতুন শিল্প গড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ জন্য অব্যবহৃত জমি চিহ্নিত করতে একটি সমীক্ষা করা হচ্ছে। পাশাপাশি এই জমি ব্যবহারের একটি বিধিমালা তৈরি করছে বিডা।
সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেছেন, বিধিমালা হয়ে গেলে অব্যবহৃত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে।
রাজধানীর দিলকুশায় বিডার কার্যালয়ে গতকাল মঙ্গলবার ‘সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি বা স্থাপনা বিনিয়োগ ও শিল্পায়নের জন্য ব্যবহারের খসড়া নীতিমালা ২০১৬’ চূড়ান্ত করা নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা হয়। এতে বিডার চেয়ারম্যান আরও বলেন, বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে বিডা গঠিত হওয়ার পর সংস্থাটির প্রথম বোর্ড সভায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সরকারি জমিতে নতুন শিল্প গড়ার জন্য একটি খসড়া বিধিমালার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে পরামর্শ করে এই বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে।
সভায় জানানো হয়, সরকারি অনেক কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আবার সরকারিভাবে শিল্পকারখানা করার জন্য যে ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, তার পুরোটা ব্যবহৃত হয়নি। মোট কত জমি অব্যবহৃত আছে, তা চিহ্নিত করতে একটি সমীক্ষা চলছে। এখন পর্যন্ত মোট ৫৪টি সরকারি কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ১ হাজার ৬২৮ একর জমি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫১৭ একর পাওয়া গেছে ৩৯টি সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর সমীক্ষা করে। এ ছাড়া বিলুপ্ত বেসরকারীকরণ কমিশনের অধীনে থাকা ১৫টি সরকারি প্রতিষ্ঠানে মিলেছে ১১১ একর জমি।
প্রথম দফায় যে ৩৯টি সরকারি বা বাণিজ্যিক শিল্পের ওপর সমীক্ষা করা হয়, তাদের মোট জমির পরিমাণ ১ লাখ ৪৯ হাজার একর। এসব প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের ১৪টি, চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের ১০টি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ৯টি, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের ৪টি এবং বাংলাদেশ পাটকল করপোরেশনের ১টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান বর্তমানে পুরোপুরি চালু, ৩টি আংশিক চালু এবং বাকি ১৮টি সম্পূর্ণ বন্ধ আছে।
অন্যদিকে বিডার অধীনে নেওয়া ১৫টি সরকারি প্রতিষ্ঠানের জমির পরিমাণ ৩৬৪ একর। এসব প্রতিষ্ঠানের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৬টি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৫টি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ৩টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২টি প্রতিষ্ঠান চালু ও ১৩টি বর্তমানে বন্ধ রয়েছে।
সভায় জানানো হয়, বিডা এ ব্যাপারে আরও নিবিড়ভাবে সমীক্ষা চালিয়ে সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত বা উদ্বৃত্ত জমির সঠিক পরিমাণ চিহ্নিত করবে এবং ওই জমিতে শিল্পায়নের ব্যবস্থা নেওয়া হবে।
অব্যবহৃত জমি ব্যবহারের বিধিমালার খসড়ার ওপর গত মার্চে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত চেয়েছিল বিডা। গতকালের আন্তমন্ত্রণালয় সভায় বিভিন্ন সংস্থার মতামত পর্যালোচনা করা হয়।
সভায় বিডার নির্বাহী সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিউর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কবিরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া পারভীন শেলী প্রমুখ উপস্থিত ছিলেন।