সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে বিশ্বব্যাংকের ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নেওয়া প্রকল্পে সহজ শর্তে তিন কোটি ৪৫ লাখ ডলার দেবে বিশ্বব্যাংক। ‘এডিশনাল ফাইন্যান্সিং অব পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২’ (পিপিআরপি-২) প্রকল্পে এ অর্থ দেবে বিশ্বব্যাংক।

এ ব্যাপারে ঢাকায় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে গতকাল সোমবার সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি হয়েছে। এতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সচিব আবু আলম শহীদ খান, ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান প্রমুখ। 

জানা গেছে, সরকারের ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) কার্যক্রম সম্প্রসারণের আওতায় প্রকল্পটি নেওয়া হয়েছে। এর আওতায় চারটি সরকারি প্রতিষ্ঠান—সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১০ হাজার দরপত্র ই-জিপির মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে সুশাসন ও জবাদিহিকে প্রাধান্য দিচ্ছে। পুরোমাত্রায় ই-জিপি গ্রহণ করা হলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে।

জোহানেস জাট বলেন, সরকারি ক্রয়-প্রক্রিয়ায় সুষ্ঠু প্রতিযোগিতা তৈরির উদ্দেশ্যেই এই ঋণ দেওয়া হচ্ছে, যাতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়।