সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছেড়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী
স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে এমন কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়াসংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদনের চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার সরকারি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে ছেড়ে দেওয়া-সম্পর্কিত একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপনের জন্য পাঠায়। সঙ্গে পাঠানো হয় কোম্পানিগুলোর সর্বশেষ আর্থিক অবস্থা এবং শেয়ার ছাড়ার অগ্রগতির তথ্য। সূত্রগুলো জানায়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানানো হয়েছে, সরকারি মালিকানাধীন কোম্পানি ও সংস্থাগুলোর শেয়ার ছাড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অযৌক্তিক কালক্ষেপণ করছে। বছরের পর বছর ধরেই শেয়ার না ছাড়ার অজুহাত খুঁজছে তারা এবং সময় বাড়ানোর অনুরোধ করে যাচ্ছে। শেয়ার ছাড়ার বিষয়ে কোনো কোনো মন্ত্রণালয়ের অনীহাও রয়েছে। সময় বাড়ানো হলেও শেয়ার ছাড়ার কার্যক্রমে কোনো সন্তোষজনক অগ্রগতি নেই। সূত্র জানায়, পুঁজিবাজারে ভালো সিকিউরিটিজের সরবরাহ বাড়াতে সরকারি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার কোনো বিকল্প নেই বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীকে আরও জানানো হয়, ‘অর্থনীতির ভিতকে স্বচ্ছ, মজবুত ও গতিশীল এবং বর্তমান অবস্থা অব্যাহত রাখতেও এ শেয়ার বাজারে ছাড়ার দরকার রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই শেয়ার ছাড়ার নির্দেশ দেওয়া যেতে পারে।’ সূত্রমতে, শিল্প মন্ত্রণালয় সম্ভাব্য শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে ওই মন্ত্রণালয়ের আওতাভুক্ত কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আসতে দিতে রাজি নয়—এ বিষয়টিও জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য কয়েক দিন আগে সাংবাদিকদের জানান, শিল্প মন্ত্রণালয়ের অজুহাতটি আমলে নেওয়া হয়নি। জানা গেছে, যেসব কোম্পানির শেয়ার ছাড়া হবে, তার একটি অংশ কোম্পানির বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংরক্ষিত করা হবে। অর্থমন্ত্রী বলেছেন, শুধু তাই নয়, অন্যদের তুলনায় ৫ শতাংশ কম দামে শেয়ার কিনতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু কীভাবে কর্মকর্তা-কর্মচারীরা একই কোম্পানির শেয়ার অন্য সাধারণ মালিকদের তুলনায় কম দামে পেতে পারেন, অর্থমন্ত্রী তা ব্যাখ্যা করেননি। শ্রম অসন্তোষ ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ বিষয়টিও অনুমোদন করেছেন বলে জানা গেছে। সূত্র জানায়, শেয়ারের সরবরাহ বাড়ানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে অনুমোদন চাওয়া হয়েছে দুটি ধাপে। একটি হলো, শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে এমন সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার সরাসরি বাজারে ছেড়ে দেওয়া। আর অন্যটি হলো, এখনো তালিকাভুক্ত নয়, এমন প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বাজারে নিয়ে আসা। গত রোববার সরকারি মালিকানাধীন আটটি কোম্পানির আরও শেয়ার আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পুঁজিবাজারে ছেড়ে দেওয়ার কথা সাংবাদিকদের জানিয়ে দেন অর্থমন্ত্রী। আর ডিসেম্বরের মধ্যে ছেড়ে দেওয়া হবে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার। প্রধানমন্ত্রী গতকাল অনুমোদন করার পর এদের শেয়ার ছাড়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না। তালিকাভুক্ত রয়েছে এমন কোম্পানিগুলো হচ্ছে: ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো), পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি), যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, তিতাস গ্যাস, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ন্যাশনাল টিউবস, রূপালী ব্যাংক, এটলাস বাংলাদেশ, ইস্টার্ন লুব্রিকেন্টস, ইস্টার্ন কেব্লস ও উসমানিয়া গ্লাস। এ ছাড়া আরও কয়েকটি কোম্পানিতেও সরকারের শেয়ার রয়েছে। জানা গেছে, এ কোম্পানিগুলোর মধ্যেই আটটির শেয়ার ছাড়া হবে চলতি মাসে। তবে সরকারের হাতে ৫১ শতাংশ রেখে বাকি ৪৯ শতাংশ বাজারে ছাড়া হবে। যেসব কোম্পানির শেয়ার ইতিমধ্যেই ৪৯ শতাংশ ছাড়া হয়ে গেছে, সেগুলোর শেয়ার আর ছাড়া হবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের হাতে ডেসকোর ৭৫ শতাংশ, পিজিসিবির ৭৬ দশমিক ২৫ শতাংশ, যমুনা অয়েলের ৭০ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ৭০ শতাংশ এবং তিতাসের ৭৫ শতাংশ শেয়ার থাকার তথ্য পাওয়া গেছে। ডিএসই সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি হিসাব পাঠিয়ে বলেছে, এ পাঁচটির ৪৯ শতাংশ শেয়ার হ্রাসকৃত দামে বাজারে ছাড়লেও চার হাজার ৫৯৫ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব হবে। এ ছাড়া বিএসসির ৮৭ দশমিক ৫০ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৫২ দশমিক ৯৪ শতাংশ, রূপালী ব্যাংকের ৯৪ দশমিক ৫৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৮৭ দশমিক ৩০ শতাংশ, এটলাস বাংলাদেশ ও ইস্টার্ন কেবলসের ৫১ শতাংশ করে এবং পদ্মা অয়েলের ৫০ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান প্রথম আলোকে জানান, বাজারে নগদ টাকার সরবরাহ অনেক। কিন্তু সে তুলনায় শেয়ারের সরবরাহ কম। ওই বিবেচনায় সরকারি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার দ্রুততম সময়ের মধ্যে বাজারে আসা উচিত বলে তিনি মনে করেন।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী এ প্রতিবেদককে বলেন, সরকারি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানের শেয়ার ছাড়াসংক্রান্ত তাঁদের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে তিনি শুনেছেন। আজ মঙ্গলবার তা তিনি হাতে পাবেন বলে আশা করছেন। ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রধানমন্ত্রীর এ অনুমোদনকে বাজারবান্ধব পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এবার সত্যি সত্যিই শেয়ার সরবরাহের খরা কিছুটা কাটবে।