সরকারি কোম্পানির শেয়ারের দাম কমাতে কারসাজি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি যেসব কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার কথা রয়েছে, সেসব কোম্পানির শেয়ারের মূল্যমান কমিয়ে রাখতে বাজারে কারসাজি করা হচ্ছে। একটি মহল পরিকল্পিতভাবে সরকারি কোম্পানির শেয়ারের দাম কমিয়ে দিচ্ছে।অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে চেয়ারম্যান আ হ ম মোস্তফা কামাল গতকাল মঙ্গলবার এসব কথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) এ বিষয়টি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি সুপারিশ করেছে।মোস্তফা কামাল আরও বলেন, শেয়ারবাজারে এখন অনেক টাকা আছে। ফলে মার্জিন লোন রাখা দরকার কি না, এ ব্যাপারে এসইসিকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এসইসি ইচ্ছা করলে মার্জিন লোন বন্ধও করতে পারে।স্থায়ী কমিটি পুঁজিবাজারের বিষয়ে জনসচেতনতা বাড়াতে এসইসি, সিএসই ও ডিএসইকে পরামর্শ দিয়েছে।স্থায়ী কমিটির বৈঠকে গতকাল শেয়ারবাজার ও এনবিআরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থায়ী কমিটির সদস্যরা, অর্থসচিব মোহাম্মদ তারেক, এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ, ব্যাংকিং সচিব শফিকুর রহমান পাটোয়ারী, বাণিজ্যসচিব গোলাম হোসেন, এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।মোস্তফা কামাল সংবাদমাধ্যমকে বলেন, ‘শিল্পের পুঁজি জোগান দিতে আমরা পুঁজিবাজারের বিকাশ চেয়েছিলাম। এটা পর্যাপ্ত বিকাশ লাভ করেছে। পুঁজিবাজারের অর্থ শিল্পায়নের কাজে নিতে পারলে ভালো হতো। কিন্তু আমরা সেটা পারিনি। শুধু সেকেন্ডারি বাজারেরই বিকাশ হয়েছে।’মোস্তফা কামাল আরও বলেন, এখন নতুন করে বিভিন্ন শিল্পকে পুঁজিবাজারে আসতে উৎসাহ দিতে হবে। নানা জটিলতা থাকায় তারা পুঁজিবাজারে আসতে চায় না। তিনি বলেন, ‘এ জন্য আমরা বৈঠকে সম্মত হয়েছি যে নতুন কোম্পানিকে পুঁজিবাজারে আনতে কর অবকাশ (ট্যাক্স হলিডে) দেওয়া হবে।’আগামী বছরের বাজেটে এই সুবিধা দেওয়ার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে বলেও তিনি জানান।স্থায়ী কমিটির বৈঠকে রাজস্ব আদায় পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। বলা হয়, কর দিতে আগের চেয়ে হয়রানি কমেছে। এনবিআরের সেবার মানও বেড়েছে।