সরকারি কোম্পানির সম্পদ-দায় মূল্যায়ন করবে ৩২ প্রতিষ্ঠান
সরকারি কোম্পানির সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের জন্য ৩২টি মূল্যায়নকারী (ভ্যালুয়ার) প্রতিষ্ঠান নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। শেয়ারবাজারে যেসব সরকারি কোম্পানি তালিকাভুক্ত হবে, সেসব কোম্পানিকে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের সম্পদ ও দায় পুনর্মূল্যায়ন করতে হবে। ২৩ অক্টোবর এসইসি এ তালিকা প্রকাশ করেছে। এসইসি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঠিক করা নীতিমালার ভিত্তিতে সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলো নির্ধারণ করা হয়েছে। সরকারি কোম্পানির সম্পদ ও দায় মূল্যায়নে এসইসি-নির্ধারিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে: রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং, এম জে আবেদীন অ্যান্ড কোং, এ ওহাব অ্যান্ড কোং, খান ওহাব শফিক রহমান অ্যান্ড কোং, হোদা ভাসী চৌধুরী অ্যান্ড কোং, মালেক সিদ্দিকী ওয়ালী, আতা খান অ্যান্ড কোং, এ মতিন অ্যান্ড কোং, এ বি সাহা অ্যান্ড কোং, এম আর এইচ দে অ্যান্ড কোং, সাইফুল সামছুল আলম অ্যান্ড কোং, এস এফ আহমেদ অ্যান্ড কোং, একনাবিন, আজিজ হালিম খায়ের চৌধুরী, সাহা মজুমদার অ্যান্ড কোং, রহমান রহমান হক, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, মসিহ মুহিত হক অ্যান্ড কোং, আহমেদ জাকের অ্যান্ড কোং, আহমেদ অ্যান্ড আকতার, জি কিবরিয়া অ্যান্ড কোং, এ হক অ্যান্ড কোং, মুহাম্মদ সহিদুল্লাহ অ্যান্ড কোং, বসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোং, মোল্লা কাদির ইউসুফ অ্যান্ড কোং, শফিক বসাক অ্যান্ড কোং, হুসাইন ফরহাদ অ্যান্ড কোং, এস এইচ খান অ্যান্ড কোং, তোহা আনোয়ার রউফ অ্যান্ড কোং, মাহফিল হক অ্যান্ড কোং, ইসলামী কাজী শফিক অ্যান্ড কোং এবং আহসান কামাল সাদেক অ্যান্ড কোং। এসইসি বলছে, সরকারি কোম্পানির সম্পদ ও দায় পুনর্মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোকে অর্থ মন্ত্রণালয়ের নির্ধারণ করা নীতিমালা মেনে চলতে হবে। কোনো মূল্যায়নকারী প্রতিষ্ঠান স্টক ব্রোকার/ডিলার এবং মার্চেন্ট ব্যাংকের কোনো মালিকানার সঙ্গে যুক্ত থাকতে পারবে না। দীর্ঘ কয়েক বছর ধরেই সরকারি ২০টিরও বেশি কোম্পানিকে নতুন করে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। এ ছাড়া তালিকাভুক্ত সরকারি কোম্পানিগুলোর আরও অধিক শেয়ার ছাড়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি নতুন কোম্পানিগুলোকে ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি। বাজারে শেয়ারের সরবরাহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। সে জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশও দেন। কিন্তু তার পরও এ উদ্যোগ কার্যকর হয়নি। এর মধ্যে শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে। এ কারণে সরকারি কোম্পানির শেয়ারবাজারে ছাড়ার প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি নেমে আসে। সম্প্রতি আবারও সরকারি কোম্পানিগুলোকে ধীরে ধীরে বাজারে নিয়ে আসার কাজ একটু একটু করে এগোচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারি কোম্পানির সম্পদ ও দায় মূল্যায়নের জন্য মূল্যায়নকারী প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সরকারি যেসব কোম্পানি প্রথমবারের মতো শেয়ার ছাড়ার তালিকায় রয়েছে, সেগুলো হচ্ছে: লিক্যুইটিফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড (এলপি গ্যাস), বাখরাবাদ গ্যাস, জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, রুরাল পাওয়ার কোম্পানি, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড (সোনারগাঁও হোটেল), বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল), হোয়েকস্ট বাংলাদেশ লিমিটেড, ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ডেভেলপমেন্ট, মিরপুর সিরামিক্স ওয়ার্কস, প্রগতি ইন্ডাস্ট্রিজ, চিটাগাং ড্রাই ডক লিমিটেড এবং এসেনশিয়াল ড্রাগ কোম্পানি। এ ছাড়া রয়েছে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের বিপরীতে বন্ড ইস্যু করা। পুরোপুরি সরকারি মালিকানাধীন নয়, তবে সরকারের কিছু শেয়ার আছে এমন দুটি কোম্পানি হলো: এভেন্টিস লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।