সরকারি ক্রয়ে স্বচ্ছতার জন্য দক্ষতাও জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাও প্রয়োজন। কারণ পণ্য, কার্য ও সেবা ক্রয়ের জন্য সরকারি ক্রয় বিধিমালা বা পিপিআর সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়।ভোলা জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল সোমবার সরকারি ক্রয়বিষয়ক এক কর্মশালায় এ কথা বলা হয়। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের (বিসিসিপি) সহযোগিতায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্মশালাটির আয়োজন করে। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ‘ফিউচার সার্চ কনফারেন্স’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, সিপিটিইউর পরিচালক মো. আজিজ তাহের খান এবং যোগাযোগ পরামর্শক মো. সফিউল আলম।এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, ঠিকাদার ও বিভিন্ন সরকারি ক্রয়কারী সংস্থার প্রতিনিধির সমন্বয়ে প্রায় ৫০ জন এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় সরকারি ক্রয় কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে একটি স্বচ্ছ সম্পর্ক বজায় রাখার তাগিদ দেওয়া হয়। এতে বক্তারা বলেন, কেউ সর্বনিম্ন দরদাতা হলে তাকে কাজ দেওয়ার জন্য বিভিন্ন মহলের চাপ আসে। কিন্তু পিপিআর অনুযায়ী শুধু সর্বনিম্ন দরদাতা হলেই চলবে না, তাকে সবদিক থেকে রেসপনসিভ হতে হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে সরকারের বাস্তবায়নাধীন ক্রয় সংস্কার প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পিপিআর বাস্তবায়নে অনুকূল পরিবেশ তৈরির জন্য দেশের ৬৪টি জেলায় এ ধরনের এক দিনের কর্মশালা আয়োজন করা হচ্ছে। এ পর্যন্ত ৩১টি জেলায় তা সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি।