সরকারি চাকরিজীবীরা স্বাস্থ্যবিমা পেতে পারেন
সরকারি চাকরিজীবীদের জন্য স্বাস্থ্যবিমা চালুর চিন্তা চলছে বলে জানিয়েছেন বেতন ও চাকরি কমিশনের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন।
ফরাসউদ্দিন বলেন, আগামী বিজয় দিবস বা তার আগেই সরকারের কাছে কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার কমিশনের তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ ফরাসউদ্দিন এ কথা বলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বৈঠকে অতিথি ছিলেন। কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে।
মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মপ্রতিভা ও কর্মক্ষমতা আছে। তা আমরা বের করে নিয়ে আসতে চাই। আমরা মনে করি, বের করে আনতে গেলে তাঁদের উপযুক্ত বেতন-ভাতা ও সুবিধাদি দিতে হবে।’
বেতন-ভাতা বেড়ে গেলে বাজারে মূল্যস্ফীতি হয়ে যায়, তাই বিষয়টিকে বিশেষভাবে নজর দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করবেন বলে জানান ফরাসউদ্দিন। বেতন কমিশনের সভাপতি বলেন, সরকারের সীমাবদ্ধতার কথাও চিন্তা করতে হবে।
ফরাসউদ্দিন আরও বলেন, বেশ কিছু সুবিধা টাকায় বা নগদে না দিয়ে অন্যভাবে দেওয়ার চিন্তা করা হচ্ছে। যেমন শিক্ষা ভাতার কথা ভাবা হচ্ছে। নতুনভাবে আলোচনা উঠেছে দুর্ঘটনা বা স্বাস্থ্যবিমা করার। এসবই অবশ্য প্রাথমিক আলোচনা।
তবে আগামী বাজেটে কিছু হচ্ছে না জানিয়ে ফরাসউদ্দিন বলেন, আগামী বিজয় দিবস বা তার আগেই প্রতিবেদন দাখিল করা হবে। প্রধানমন্ত্রী যেমন বলেছেন, সে অনুযায়ী পরবর্তী অর্থবছর থেকে বেতন-ভাতা বাড়বে বলে মনে করেন তিনি।
জাতীয় চাকরি ও বেতন কমিশনের মেয়াদ আগামী ১৭ জুন শেষ হওয়ার কথা। কিন্তু এই মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে বলে জানান ফরাসউদ্দিন।
উল্লেখ্য, দেশের ১৩ লাখ সরকারি চাকরিজীবীর জন্য গত বছরের ২৪ নভেম্বর ১৭ সদস্যের বেতন ও চাকরি কমিশন, ২০১৩ গঠন করে সরকার।