সরকারি চাকুরেদের জন্য চট্টগ্রামে ৫১৯টি ফ্ল্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের পরিত্যক্ত বাড়িতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট ও ডরমিটরি ভবন নির্মাণ করা হবে। নগরীর পাঁচলাইশ, নাছিরাবাদ, কাতালগঞ্জ, ও আর নিজাম রোড, জাকির হোসেন রোড ও সার্সন রোডের পরিত্যক্ত বাড়িতে ১৫টি ৯ থেকে ১৮ তলা ভবন এবং একটি ডরমিটরি ভবন হবে। এসব ভবনে ৫১৯টি ফ্ল্যাট তৈরি হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্প পাস হয়। এ প্রকল্পে ব্যয় হবে ৪৭৭ কোটি টাকা।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরে ২৬ হাজার ৭৮ জন সরকারি চাকরিজীবী আছেন। এর মধ্যে মাত্র ১ হাজার ৯৭৩ জন সরকারি বাসা পান। তাই শহরের পরিত্যক্ত বাড়িতে নতুন ভবন নির্মাণ করে সরকারি চাকরিজীবীদের আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে ২০২১ সালের জুন মাসে ১৫টি ভবন ও ১টি ডরমিটরি ভবন নির্মাণের কাজ শেষ হবে। গণপূর্ত অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করবে।
এই প্রকল্প সম্পর্কে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এখন থেকে কোনো সরকারি বাড়ি বেহাত হতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে শতভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারীর আবাসন নিশ্চিত করা হবে।
আবাসন প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৮৯০ কোটি টাকা।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প (২য় সংশোধিত), দেশের বিভিন্ন জেলায় জেলা ও সাবরেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ; আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়ে); নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রাম (চতুর্থ পর্ব); চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান উপজেলার হালদা নদীর উভয় তীরে ভাঙনরোধে বিভিন্ন এলাকা রক্ষার্থে তীর সংরক্ষণ কাজ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (রাজশাহী জোন) প্রকল্প।