সরকারি চাকুরেদের জন্য দুই বিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধরনের বিমা চালুর সুপারিশ করেছে জাতীয় বেতন ও চাকরি কমিশন। একটি হচ্ছে স্বাস্থ্যবিমা, আর অন্যটি জীবন ও দুর্ঘটনাজনিত অক্ষমতা বিমা। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন মনে করেন, কমিশনের সুপারিশ বাস্তবায়ন করলে দেশের বিমা খাতে প্রাণের সঞ্চার হবে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ কমিশনের সুপারিশকে স্বাগত জানান এবং সুপারিশ বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন।
সরকারের কাছে সম্প্রতি জমা দেওয়া প্রতিবেদনে কমিশন বলেছে, সরকারি চাকরিজীবীদের স্বাস্থ্যভাতা খুবই সামান্য। কর্মচারী কল্যাণ বোর্ডের মাধ্যমে নামকাওয়াস্তে যে গোষ্ঠীবিমা চালু রয়েছে, তার আর্থিক সুবিধাও পর্যাপ্ত নয়। সরকারি হাসপাতাল থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার থাকলেও প্রচণ্ড ভিড়ের কারণে সরকারি চাকরিজীবীরা এ সেবা নিতে পারেন না। নিচের স্তরের চাকরিজীবীরা এ বিষয়ে বেশি বঞ্চিত।
বিদ্যমান স্বাস্থ্যভাতা অব্যাহত রেখেই সরকারি চাকরিজীবীদের জন্য তাই নতুন করে স্বাস্থ্য বিমা চালুর পক্ষে কমিশন। ভারত, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার অনেক দেশেই এ ধরনের বিমা চালু রয়েছে উল্লেখ করে কমিশন বলেছে, বাংলাদেশেও স্বাস্থ্যবিমা চালু করা যায়।
ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার ২০০৮ সাল থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা বাস্তবায়ন করছে। এই উদাহরণ দিয়ে কয়েকটি বিকল্পের কথাও বলেছে কমিশন। বলেছে, স্বাস্থ্যবিমা থেকে কতটুকু সুবিধা পাওয়া যাবে তা নির্ভর করবে কী পরিমাণ প্রিমিয়াম ধার্য হবে তার ওপর। যেমন ৪০০ টাকা প্রিমিয়ামের সুবিধা দেওয়া হবে পাঁচ লাখ টাকা পর্যন্ত। প্রিমিয়াম ৩০০ টাকা হলে সুবিধা হবে তিন লাখ ৫০ হাজার টাকা।
বেসরকারি বিমা কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, সরকার চাইলে এ সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব। এতে সরকারি চাকরিজীবী ও বিমা খাত—দুই পক্ষই লাভবান হবে।
সুপারিশের বিমা অধ্যায়টির ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগিতা নিয়েছে বেতন কমিশন। এতে মূল কাজটি করেছেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ।
যোগাযোগ করলে আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, বেতন কমিশনের বিমাবিষয়ক সুপারিশ কতটা বাস্তবায়ন তা নির্ভর করবে সরকারের আন্তরিকতার ওপর। তিনি বলেন, ‘দেখতে হবে যে সরকার সত্যি সত্যিই চায় কি না। এ ব্যাপারে আরও গবেষণার দরকার হতে পারে। তবে যে সুপারিশ এসেছে, পরীক্ষামূলক হলেও আগামী অর্থবছর থেকে তা শুরু করা যায়।’
স্বাস্থ্যবিমা: মাসিক ৪০০ প্রিমিয়াম টাকা দিয়ে স্বাস্থবিমার সুপারিশ করেছে কমিশন। পাঁচ বছর মেয়াদে এ প্রিমিয়াম সরকার দেবে। এরপর প্রিমিয়ামের হার পুনর্নির্ধারিত হবে। একই পরিবারের একাধিক সরকারি চাকরিজীবী থাকলে প্রিমিয়াম নেওয়া হবে শুধু কনিষ্ঠজন থেকে।
সরকারি চাকরিজীবী ও তাঁর পরিবারের বিমাভুক্ত সদস্যরা (স্ত্রী বা স্বামী, সন্তান ও বাবা-মা) অস্ত্রোপচারসহ সব ধরনের চিকিৎসা করাতে পারবেন। চিকিৎসা নিতে হবে জেলা সদর হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল এবং গ্রহণযোগ্য নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে। ক্রেডিট কার্ডের মতো একটি স্মার্ট কার্ড দেওয়া হবে সবাইকে—যেখানে তথ্য-উপাত্ত থাকবে।
রোগীদের নগদে খরচ করতে হবে না। বিমার মাধ্যমে ওষুধ ও অস্ত্রোপচার খরচ, চিকিৎসকের ফি, কেবিন ভাড়া, রোগ নির্ণয়ের পরীক্ষা খরচ এবং রোগীর খাবারের খরচ মেটানো হবে। নারী চাকরিজীবীদের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় সন্তান জন্মদানের সময় জটিল অবস্থার সম্মুখীন হলেই বিমার আওতাভুক্ত হবে। চোখের ও দাঁতের চিকিৎসা এবং পুরো শরীরের মেডিকেল চেক-আপ বিমার আওতাভুক্ত হবে না। তবে ক্রনিক রোগ বিমার আওতায় থাকবে। হাসপাতালে আসা-যাওয়ার খরচ অবশ্য রোগীকেই বহন করতে হবে।
জীবন ও দুর্ঘটনাজনিত অক্ষমতা: স্বাস্থ্যবিমা যেমন সরকারি চাকরিজীবী ও পরিবারের সদস্যদের ক্ষেত্রে হবে, এ বিমার ক্ষেত্রে তা হবে না। এটি হবে শুধুই চাকরিজীবীর ক্ষেত্রে। এ বিমার জন্য চাকরিজীবীদের নামে পুরো চাকরিকালীন মাসে ১০০ টাকা করে প্রিমিয়াম দেবে সরকার।
একজন সরকারি চাকরিজীবীর চাকরিরত অবস্থায় মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন পাঁচ লাখ টাকা পাবেন। মৃত্যু না হলে ওই প্রিমিয়াম উপযুক্ত মুনাফাসহ তাঁকে ফেরত দেওয়া হবে। চাকরিরত অবস্থায় কেউ দুর্ঘটনায় পতিত হয়ে অঙ্গহানি হলে বা কাজের ক্ষমতা হারালে অবসরকালীন বয়স পর্যন্ত নির্দিষ্ট হারে মাসে অক্ষমতা ভাতা দেওয়া হবে ওই চাকরিজীবীকে।
চাকরিরত অবস্থায় মৃত্যু হলে সর্বশেষ মাসিক মূল বেতনের ২৪ মাসের সমপরিমাণ (তবে অনূর্ধ্ব এক লাখ) টাকা একজন চাকরিজীবীর পরিবারকে এককালীন দেওয়া হয়। ২০১৩-১৪ অর্থবছরে দুই হাজার ৪০০ জনকে মোট ২৪ কোটি ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
চ্যালেঞ্জ ও অর্থসংস্থান: কমিশন বলেছে, এসব সুবিধা দেওয়া সম্ভব হবে সরকার যদি মূল্য সংযোজন করের সমান টাকা অনুদান দেয়। ১০০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কেবিনসুবিধা অপ্রতুল, ওষুধও থাকে না। তাই বিমা চালুর আগে এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার, পরিমার্জন ও পরিবর্ধন জরুরি।
অন্যদিকে এত বেশি পরিমাণ লোকের ঝুঁকি বহনের সক্ষমতাও দেশের বিমা কোম্পানিগুলোর নেই বলে মনে করে কমিশন। কমিশনের সুপারিশ হচ্ছে, বিমা কর্মসূচির তহবিল ব্যবস্থাপনার জন্য তাই বিমা তহবিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নামে একটি শক্তিশালী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠন করা। কমিশন হিসাব করে দেখেছে, ১০ লাখ সরকারি চাকরিজীবীর জন্য মাসে ৫০০ টাকা প্রিমিয়াম দিলে বছরে ৬০০ কোটি টাকা জমা হয়। দাবি পরিশোধের পরও এ থেকে উদ্বৃত্ত তহবিল থাকবে—যা দিয়ে পর্যায়ক্রমে ৫০০ শয্যার একটি হৃদ্রোগ হাসপাতাল ও বহির্বিভাগসহ ৫০০ শয্যার একটি ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ করা যায়। সরকারি হাসপাতালগুলোর সম্প্রসারণ করে সরকারি চাকরিজীবীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণেরও সুপারিশ করে কমিশন।