সরকারি চাকুরেদের বেতন বাড়লেও ভাতা এবার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর থাকছে শুধু বেতনে। আগামী ১ জুলাই থেকেই তাঁরা নতুন বেতনকাঠামোতে দ্বিগুণ বেতন পেতে যাচ্ছেন। কিন্তু ভাতা নতুন কাঠামো অনুযায়ী পাচ্ছেন না।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তব্যে বলেছেন, ‘আশা করি নতুন বেতনকাঠামো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে স্বস্তি এনে দেবে।’
এতে যে অতিরিক্ত অর্থ ব্যয় হবে, তা অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে অবদান রাখবে, আবার অর্থনীতির সার্বিক প্রবৃদ্ধির হারেও প্রভাব বিস্তার করবে বলেও মনে করেন অর্থমন্ত্রী।
ভাতা নিয়ে বক্তব্যে অর্থমন্ত্রী সরাসরি কিছু না বললেও গতকাল অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাতা দেওয়া হবে ২০১৬-১৭ অর্থবছর থেকে। অর্থমন্ত্রী অবশ্য এর আগেই কয়েকবার বলেছিলেন যে, বেতন কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
এদিকে বাজেট সংক্ষিপ্তসারের অনুন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যায়, আগামী অর্থবছরে সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাবদ বরাদ্দ রয়েছে ৪৫ হাজার ১৫৩ কোটি টাকা। চলতি ২০১৪-১৫ অর্থবছরের বেতন-ভাতা বাবদ রয়েছে ২৯ হাজার ৪৫০ কোটি টাকা। এ থেকে আগামীবারের জন্য বেশি ধরা হয়েছে ১৫ হাজার ৮০৩ কোটি টাকা।
কর্মকর্তাদের বেতন, কর্মচারীদের বেতন ও কর্মকর্তা-কর্মচারীদের ভাতা—তিন ভাগে এ ব্যয় দেখানো রয়েছে। চলতি অর্থবছরে কর্মকর্তাদের বেতন ৩ হাজার ১৮৮ কোটি থেকে বাড়িয়ে আগামীবারের জন্য ৬ হাজার ৫৫৪ কোটি, কর্মচারীদের বেতন ১০ হাজার ৫২০ কোটি থেকে বাড়িয়ে ২২ হাজার ২৭৩ কোটি এবং ভাতা ১৫ হাজার ৬৪২ কোটি থেকে বাড়িয়ে ১৬ হাজার ৩২৬ কোটি টাকা করা হয়েছে।
অর্থাৎ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাবদ চলতি অর্থবছরের বরাদ্দ ১৩ হাজার ৭০৮ কোটি টাকা থেকে বাড়িয়ে আগামীবারের জন্য ২৮ হাজার ৮২৭ কোটি টাকা রাখা হয়েছে। কিন্তু ভাতা চলতি অর্থবছরের বরাদ্দ থেকে মাত্র ৬৮৪ কোটি টাকা বাড়িয়ে রাখা হয়েছে ১৬ হাজার ৩২৬ কোটি টাকা।
তবে ভবিষ্যতে হতে পারে—এমন কিছু বিষয়ে ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারি চাকরিজীবীদের কল্যাণার্থে একটি ব্যাংক (সমৃদ্ধি সোপান ব্যাংক) স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে পারি।’ এটি হবে সরকারি চাকরিজীবীদের নিজস্ব মালিকানায় তফসিলি ব্যাংকের আদলে একটি বাণিজ্যিক ও উন্নয়ন ব্যাংক, যার পরিশোধিত মূলধন হবে ৪০০ কোটি টাকা। বিদ্যমান চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের শেয়ার দিয়ে তা সংগ্রহ করা হবে।
দেশের পাঁচ লাখের বেশি অবসরপ্রাপ্ত চাকরিজীবীর পেনশন কার্যক্রম পরিচালনায় সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা তহবিল নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আশঙ্কা করেন, ‘এই না থাকাটা ভবিষ্যতে সরকারি ব্যয় ব্যবস্থাপনার ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে।’
অর্থমন্ত্রী তাই পেনশন তহবিল এবং ‘পেনশন ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ’ নামে আলাদা সংস্থা গঠন করে এ তহবিল থেকেই পেনশন দিতে চান।
বিদ্যমান আইনে সরকারি চাকুরেদের মূল বেতন ছাড়া অন্য ভাতা করমুক্ত। অর্থমন্ত্রী বলেন, ‘এটি বৈষম্যমূলক।’ এ বৈষম্য দূর করতে তাই তিনি শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস এবং উৎসব ভাতার ওপরও একই নিয়মে কর বসানোর প্রস্তাব দেন।