সরকারি চাকুরেরা নিজেরাই বেতনের হিসাব করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ দিয়ে সরকারি কর্মচারীরা এখন থেকে নিজেরাই নিজেদের বেতনের হিসাব করতে পারবেন। এমনকি অবসর ভাতারও হিসাব করতে পারবেন অবসর ভাতাভোগীরা। এ জন্য অনলাইনভিত্তিক স্বয়ংক্রিয় একটি পদ্ধতি চালু করেছে সরকার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নতুন এ পদ্ধতির ওয়েবসাইটের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নতুন এ পদ্ধতি ‘২৫৮ বছরের ব্যবস্থার পরিবর্তন’। ডিজিটাল বাংলাদেশ নির্মাণেও এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি।
নতুন পদ্ধতি চালুর ফলে সরকারি কর্মচারীদের হয়রানি কমার পাশাপাশি কর্মচারী ও অবসর ভাতাভোগীদের হালনাগাদ একটি তথ্যভান্ডার বা ডেটাবেইস তৈরি হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। তাঁর মতে, সরকারি চাকরির বিভিন্ন স্তরে কর্মচারীর সংখ্যা, তাঁদের বেতন-ভাতা, বয়স এবং অবসরে যাওয়ার সময় ইত্যাদি তথ্য নতুন এ পদ্ধতির মাধ্যমে সহজেই পাওয়া যাবে।
নতুন পদ্ধতি চালু উপলক্ষে অর্থসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, স্থানীয় সরকারসচিব আবদুল মালেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব শ্যামসুন্দর সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে অবসরকালীন ভাতা তোলার জন্য অবসরকালীন ভাতাভোগীদের প্রতি মাসে হিসাবরক্ষণ কার্যালয় বা ব্যাংকে দৌড়াতে হয়। নতুন পদ্ধতি চালুর ফলে এখন থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে এ টাকা সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে চলে যাবে। এরপর ব্যাংক তাৎক্ষণিকভাবে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেবে। আর সুবিধাভোগীরা পরে তাঁদের সুবিধামতো সময়ে ব্যাংক থেকে এ টাকা তুলতে পারবেন।
জাতীয় পরিচয়পত্রে ভুলত্রুটির কারণে এ পদ্ধতি ব্যবহারে কোনো অসুবিধা হবে কি না জানতে চাইলে অর্থসচিব বলেন, দুই মাস আগেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সবাইকে চিঠি দেওয়া হয়েছে। কেউ সংশোধন না করে থাকলে এখনো করে নিতে পারেন।
এ ছাড়া নামে কেন্দ্রীভূত বাজেট প্রণয়ন, বাস্তবায়ন এবং হিসাবরক্ষণের জন্য ‘আইবাস++’ নামে একটি সফটওয়্যারও গতকাল উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এর মাধ্যমে সরকারের রাজস্ব প্রাপ্তি, ব্যয়, আর্থিক সম্পদ ও দায় বিষয়ে সময়ভিত্তিক প্রকৃত প্রতিবেদন পাওয়া যাবে। ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রণয়ন, বাস্তবায়ন ও হিসাবরক্ষণ ‘আইবাস++’-এর মাধ্যমে সম্পন্ন করা হবে। বর্তমানে এটা ‘আইবাস’ নামে পরিচিত।