সরকারি চার ব্যাংক বাঁচাতে পর্যবেক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একসঙ্গে চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের ঘটনা এটাই প্রথম।
পর্যবেক্ষকেরা বাংলাদেশ ব্যাংকের চার নির্বাহী পরিচালক। আর ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বুধবার এ পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়ে চার ব্যাংকে গতকালই চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলোর ব্যবস্থাপকেরা (এমডি) জানান, তাঁদের কেউই চিঠি পাননি। পর্যবেক্ষক নিয়োগের চিঠিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থাকা ব্যাংকগুলোর সমঝোতা স্মারক (এমওইউ) গুরুত্বের সঙ্গে পরিপালনের কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এমওইউর শর্ত পরিপালনে ব্যর্থ হওয়ার কারণে পর্যবেক্ষক বসানো হয়েছে বলে জানা গেছে।
সোনালী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরীকে। এ ছাড়া অন্য তিন ব্যাংকে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের অপর তিন নির্বাহী পরিচালক। যেমন, জনতা ব্যাংকে আহমেদ জামাল, অগ্রণী ব্যাংকে নির্মল চন্দ্র ভক্ত এবং রূপালী ব্যাংকে মো. আবদুর রহিম পর্যবেক্ষক নিয়োগ পেয়েছেন।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ৪৯(ঘ) (আ) ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদ, বা এর কোনো কমিটি বা ব্যক্তি সংঘের সভার কার্যধারা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক তার কোনো কর্মকর্তাকে নিয়োগ করতে পারবে।’
মানের ভিত্তিতে ব্যাংকগুলোকে ভালো, সমস্যাগ্রস্ত (প্রবলেম), সমস্যাগ্রস্তের আগের অবস্থা (আর্লি ওয়ার্নিং) ইত্যাদি কয়েকটি ভাগ করে বাংলাদেশ ব্যাংক। প্রবলেম ও আর্লি ওয়ার্নিংয়ে থাকা ব্যাংকগুলোতেই সাধারণত পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। পর্যবেক্ষকেরা ব্যাংকের পর্ষদ সভায় উপস্থিত থাকেন, তবে পারতপক্ষে কোনো মতামত দেন না। কোনো সিদ্ধান্ত সম্পর্কে কিছু বলার থাকলে তাঁরা তাঁদের লিখিত মতামত জানিয়ে রাখেন। িনরীক্ষা কমিটির বৈঠকেও তাঁরা উপস্থিত থাকেন।
চার ব্যাংকে কেন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হলো জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলোর কার্যকলাপ নজরদারিতে রাখার জন্যই পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।’
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা ব্যবসা করার জন্য পর্যবেক্ষক নিয়োগ কোনো বাধা হতে পারে কি না, জানতে চাইলে শুভঙ্কর সাহা বলেন, ‘মোটেই না। কারণ, পর্যবেক্ষকেরা ব্যাংকের স্বার্থ তথা জনগণের স্বার্থই দেখে থাকেন।’
সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে বলা হয়, ঋণ দেওয়ার তুলনায় চার ব্যাংকের আদায় হার খুব কম। এমনকি তা উদ্বেগজনক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) গত মঙ্গলবার রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে সুশাসনব্যবস্থা খুব দুর্বল বলে মন্তব্য করে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রমালিকানাধীন পাঁচ ব্যাংকে (বেসিকসহ) খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৬৫৪ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণের ২২ দশমিক ৪৯ শতাংশ।
যোগাযোগ করলে সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, চিঠি না পেয়ে তিনি কোনো মন্তব্য করতে পারছেন না। জনতা ব্যাংকের এমডি আবদুস সালাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দিতেই পারে। তবে আমাদের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে।’ রূপালী ব্যাংকের এমডি এম ফরিদউদ্দিনও চিঠি না পেয়ে কথা বলবেন না বলে জানান।