সরকারি চিনিকলগুলোয় উৎপাদন-বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি চিনিকলগুলোতে বরাবরের মতো এবারও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বরং চিনিকলগুলোতে নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র অর্ধেক চিনি উৎপাদিত হয়েছে বলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) সূত্র জানিয়েছে।করপোরেশন সূত্র জানায়, চলতি ২০১১-২০১২ আখ মাড়াই মৌসুমে দেশের ১৫টি চিনিকলে আখ থেকে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৫ হাজার ৩৭৫ মেট্রিক টন। কিন্তু উৎপাদিত হয়েছে মাত্র ৬৯ হাজার ৩৪৭ টন। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৬৬ হাজার ২৮ টন কম।অর্থাৎ, চিনিকলগুলোতে লক্ষ্যমাত্রার ৫১ দশমিক ২২ শতাংশ কম উৎপাদিত হয়েছে।তা ছাড়া চিনি রিকভারি হারের (আখ থেকে চিনি আহরণের হার) লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি। চলতি মৌসুমে এই হার নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ৫৪ শতাংশ। কিন্তু রিকভারি হয়েছে ৬ দশমিক ৬১ শতাংশ হারে।করপোরেশনের সচিব ফেরদৌস বেগম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, গুড়ের দাম অন্যবারের তুলনায় বেশি হওয়ায় এবার বেশির ভাগ আখ চলে গেছে গুড় ব্যবসায়ীদের কাছে। চাষিরা চিনিকলে তেমন আখ বিক্রি করেননি। মাঠে অনেক আখ থাকার পরও তাই চিনিকল বন্ধ করে দিতে হয়েছে। সে কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।ফেরদৌস বেগম আরও বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আখ মাড়াই হলে রিকভারি ভালো হয়। কিন্তু বেশির ভাগ চিনিকলই জানুয়ারিতে বন্ধ হয়ে যায়। আগে মাড়াই হওয়ায় রিকভারির হারও কম হয়েছে।গত বছর ১১ নভেম্বর নাটোর ও রাজশাহী চিনিকলে আখ মাড়াই উদ্বোধনের মাধ্যমে চলতি মাড়াই মৌসুমের চিনি উৎপাদন কার্যক্রম শুরু হয়। দেশের ১৫টি চিনিকল এলাকায় এ বছর এক লাখ ৬৯ হাজার একর জমিতে আখ চাষ করা হয়। করপোরেশন প্রাথমিকভাবে ধারণা করেছিল, সেখানে ৩৫ থেকে ৪০ লাখ টন আখ উৎপাদিত হবে। এ ক্ষেত্রে বীজ ও চিবিয়ে খাওয়া আখ বাদ দেওয়ার পরও ৩০ লাখ টন আখ থাকবে। সেখান থেকে ১৭ লাখ ৯৫ হাজার টন মাড়াইযোগ্য আখ মিলবে।সূত্র জানায়, এ বছরের মার্চ পর্যন্ত ১৫টি চিনিকলে আখ মাড়াই থেকে চিনি উৎপাদনের কথা ছিল। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ আখ না পেয়ে বেশির ভাগ চিনিকলেই জানুয়ারি মাসে উৎপাদন বন্ধ হয়ে যায়। আর ফেব্রুয়ারিতে সব চিনিকলের উৎপাদনই বন্ধ হয়ে গেছে।চিনি উৎপাদনের এই বিপর্যয়ের কারণ হিসেবে করপোরেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চিনিকলগুলো এখন আর চাহিদামতো আখ পাচ্ছে না। এর অন্যতম কারণ হলো, চিনিকল এলাকায় গুড় তৈরির প্রবণতা বেশি। আগে গুড় ব্যবসায়ীরা চিনিকল নেই—এমন এলাকা থেকে তাঁদের প্রয়োজনীয় আখ সংগ্রহ করতেন। কিন্তু ওই সব এলাকায় আখের উৎপাদন কমে যাওয়ায় এখন তাঁরা চিনিকল এলাকায় ঝুঁকেছেন।করপোরেশন সূত্র জানায়, ১৯৫৩ সালের গুড় নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী চিনিকল এলাকা থেকে গুড় ব্যবসায়ীদের আখ কেনার এখতিয়ার নেই। তার পরও বেআইনিভাবে ব্যবসায়ীরা সেখান থেকে আখ সংগ্রহ করছেন।নিয়ম অনুযায়ী, চিনিকল এলাকায় চিনিকলের তত্ত্বাবধানে চাষিদের আখ চাষ করতে হয়। চিনিকলের কর্মকর্তারা নিয়মিত আখ তদারকি করেন। এসব চাষিকে চিনিকলে আখ বিক্রি করতে হয়। কিন্তু তা না করে চাষিরা বিক্রি করছেন গুড় ব্যবসায়ীদের কাছে।সরকারি চিনিকলগুলো বর্তমানে আখচাষিদের কাছ থেকে প্রতি মণ আখ কেনে ৯৩ টাকা করে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে গুড় ব্যবসায়ীরা চাষিদের প্রতি মণ আখের জন্য দিয়েছেন ১১০ থেকে ১৪০ টাকা। তা ছাড়া নগদ অর্থ এবং অনেক ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রাপ্তির কারণে চাষিরা চিনিকলের বদলে গুড় ব্যবসায়ীদের কাছে আখ সরবরাহে বেশি আগ্রহী ছিলেন।করপোরেশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চিনিকল এলাকার চাষিরা চিনিকলের কাছে আখ বিক্রি না করায় সারা দেশে চাষিদের বিরুদ্ধে কয়েক হাজার মামলা রয়েছে। এসব মামলা চলমান থাকার পরও চাষিরা ঠিকমতো আখ সরবরাহ করছেন না।দেশে বর্তমানে চিনির বার্ষিক চাহিদা ১৪ থেকে ১৫ লাখ টন। ১৫টি সরকারি চিনিকলের বার্ষিক চিনি উৎপাদনক্ষমতা দুই লাখ ১০ হাজার টন। তবে উৎপাদন হয় গড়ে এক লাখ টন। বাকি চিনির চাহিদা মেটায় ছয়টি বড় বেসরকারি মিল।করপোরেশনের একজন কর্মকর্তার মতে, চিনিকলগুলো আধুনিকায়ন না করা এবং কাঙ্ক্ষিত আখ না পাওয়ায় বার্ষিক চিনি উৎপাদনক্ষমতার অর্ধেকও অর্জিত হয় না।গত আখ মাড়াই মৌসুমেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তার পরও গত মৌসুমে উৎপাদন কিছুটা আশাব্যঞ্জক ছিল। গত মৌসুমে এক লাখ ১৮ হাজার ৯২৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে চিনি উৎপাদিত হয় এক লাখ ৯৬২ টন।বর্তমানে চিনি করপোরেশনের কাছে মজুদ চিনির পরিমাণ এক লাখ আট হাজার ৭৩৩ টন। চলতি মৌসুমে চিনিকলে উৎপাদিত চিনি এর মধ্যে রয়েছে। তা ছাড়া এর মধ্যে করপোরেশনের আমদানি করা ৩০ হাজার টন পরিশোধিত চিনিও অন্তর্ভুক্ত রয়েছে।