সরকারি চিনিকলে আখের সরবরাহমূল্য বাড়ানো হয়েছে
সরকারি চিনিকলে সরবরাহ করা আখের দর বাড়িয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা (বিএসএফআইসি)।সে অনুযায়ী সরকারি চিনিকলের গেটে প্রতি কুইন্টাল (১০০ কেজি) আখের ক্রয়মূল্য হবে ২৫০ টাকা। আর বহিঃকেন্দ্রের জন্য প্রতি কুইন্টালের দর ২৪৪ টাকা ঠিক করা হয়েছে। আখের নতুন দর চলতি ২০১০-১১ মাড়াই মৌসুম থেকে কার্যকর করা হবে।বিএসএফআইসি গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাষিদের আখ চাষে উৎসাহিত ও চিনিকলে অধিক হারে আখ সরবরাহ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আখচাষিরা দীর্ঘদিন ধরে আখের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছেন।আগে মিলগেট ও বহিঃগেটে প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য ছিল যথাক্রমে ২২২ দশমিক ৩৭ টাকা ও ২১৭ টাকা।বিএসএফআইসি জানায়, মাড়াই মৌসুমের মাঝামাঝি থেকে শেষভাগে অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে ১৫ দিন পর পর পাঁচবার আখের মূল্যবৃদ্ধির বর্তমান হার আগের মতো কুইন্টালপ্রতি দুই টাকা করে বহাল থাকবে।তবে ৮ শতাংশের বেশি চিনি আহরণের জন্য আখের প্রিমিয়াম মূল্য পরিশোধের নিয়মের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে বিএসএফআইসি।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা (বিএসএফআইসি) আরও বলেছে, আগের মতো কারখানায় মাড়াইয়ের জন্য সরবরাহ করা আখের দামের চেয়ে এফএস ও আরএস শ্রেণীর পরিচ্ছন্ন বীজ আখের দাম কুইন্টালপ্রতি আট টাকা চার পয়সা ও সিএস শ্রেণীর বীজ কুইন্টালপ্রতি চার টাকা দুই পয়সায় বহাল থাকবে।