সরকারি চিনিকলে উৎপাদন বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলে এবার উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। চলতি ২০১৪-১৫ আখমাড়াই মৌসুমে এই চিনিকলগুলোতে ১ লাখ ২৭ হাজার ৫৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। কিন্তু উৎপাদিত হয়েছে ৭৭ হাজার ৪৫০ টন।
অর্থাৎ এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৪৯ হাজার ৬০৫ টন বা ৩৯ শতাংশ কম চিনি উৎপাদিত হয়েছে। গত মৌসুমে চিনি উৎপাদিত হয়েছিল ১ লাখ ২৮ হাজার ২৬৮ টন।
রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) নিয়ন্ত্রণে। এবার চিনির উৎপাদন কমে যাওয়ার জন্য দুটি কারণ চিহ্নিত করেছে করপোরেশনের উৎপাদন বিভাগ। একটি হলো, মাড়াইয়ের জন্য পর্যাপ্ত আখ না পাওয়া এবং দ্বিতীয়ত, আখের মান ভালো না থাকায় সেখান থেকে আশানুরূপ চিনি উৎপাদিত না হওয়া।
জানতে চাইলে করপোরেশনের পরিচালক (উৎপাদন) আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘গতবার আমরা মাড়াইয়ের জন্য ১৬ লাখ টন আখ পেয়েছিলাম। এবার পেয়েছি ১২ লাখ টন। আখ না পেলে চিনি উৎপাদিত হবে কী করে? আবার এবার আখের মান বেশি ভালো ছিল না। সে কারণে আখ মাড়াই করে লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি পাওয়া যায়নি।’
চলতি মৌসুমে ১৬ লাখ ৯০ হাজার টন আখ মাড়াই করে ১ লাখ ২৭ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল চিনি ও খাদ্যশিল্প করপোরেশন। আখ থেকে চিনি উৎপাদনের (রিকভারি) হার ধরা হয়েছিল ৭ দশমিক ৫২ শতাংশ। কিন্তু শেষ পর্যন্ত রিকভারি হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ।
করপোরেশনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই বছর উৎপাদিত আখের মান বেশি ভালো না হওয়ায় চিনির উৎপাদনে এই বিপর্যয় হয়েছে।
বিএসএফআইসির তথ্য অনুযায়ী এ বছর পঞ্চগড় চিনিকলে ৫ হাজার ৯৫০ টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ হাজার ৫১৮ টন, ঠাকুরগাঁও চিনিকলে ৫ হাজার ৮০০ টন লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ হাজার ৪৫২ টন, সেতাবগঞ্জ চিনিকলে ৪ হাজার ৫০০ টনের বিপরীতে ২ হাজার ৩৪৮ টন, শ্যামপুর চিনিকলে ৫ হাজার ৭৫ টনের বিপরীতে ৩ হাজার ১২২ টন, রংপুর চিনিকলে ৩ হাজার ৯০০ টনের বিপরীতে ২ হাজার ৪৪০ টন উৎপাদিত হয়েছে। জয়পুরহাট চিনিকল ৭ হাজার ৯৭৫ টনের বিপরীতে ৩ হাজার ৯৪২ টন, রাজশাহী চিনিকল ৯ হাজার টনের বিপরীতে ৫ হাজার ৫৩৩ টন, নাটোর চিনিকল ১১ হাজার ৭৮০ টনের বিপরীতে ৬ হাজার ৯৭১ টন, নর্থবেঙ্গল চিনিকল ১৯ হাজার ২০০ টনের বিপরীতে ১০ হাজার ২১৩ টন, পাবনা চিনিকল ৬ হাজার ৩৭৫ টনের বিপরীতে ৪ হাজার ৬৩০ টন চিনি উৎপাদন করেছে। আর কুষ্টিয়া চিনিকলে ৭ হাজার টনের বিপরীতে ২ হাজার ৯০৭ টন, কেরু অ্যান্ড কোম্পানি ৮ হাজার ২৫০ টনের বিপরীতে ৪ হাজার ৮৩৫ টন, মোবারকগঞ্জ চিনিকলে ৯ হাজার ৭৫০ টনের বিপরীতে ৭ হাজার ৫২৬ টন, ফরিদপুর চিনিকলে ১০ হাজার ১২৫ টনের বিপরীতে ৭ হাজার ১ টন এবং ঝিলবাংলা চিনিকলে ১২ হাজার ৩৭৫ টনের বিপরীতে ৬ হাজার ৯ টন চিনি উৎপাদিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০১৩-১৪ আখমাড়াই মৌসুমে দেশের চিনিকলগুলোতে নভেম্বর মাসে উৎপাদন কার্যক্রম শুরু হয়। বেশির ভাগ চিনিকলে এপ্রিল পর্যন্ত তা চলে। কিন্তু এবার বেশির ভাগ চিনিকলের উৎপাদনপ্রক্রিয়া ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেছে। শুধু ফরিদপুর চিনিকলে চিনি উৎপাদিত হয়েছে এপ্রিল পর্যন্ত।
গুড় উৎপাদনকারীরা বেশি দাম দেওয়ায় আগে চিনিকল এলাকায় উৎপাদিত আখের একটি বড় অংশ তাদের হাতে তুলে দিতেন চাষিরা। গত মৌসুমে গুড় উৎপাদনকারীদের কাছে আখ গেছে সামান্যই। সে কারণে চিনিকলগুলোতে উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়ায়। কিন্তু এবার গুড় উৎপাদনকারীদের হাতে আখের বড় একটি অংশ চলে গেছে।
এ বিষয়ে বিএসএফআইসির পরিচালক আমিনুল হক বলেন, এবার সাত-আট লাখ টন আখ গুড় উৎপাদনকারীদের হাতে চলে গেছে। এই আখটা যদি না যেত, তাহলে গত মৌসুমের মতোই চিনি উৎপাদিত হতো।