সরকারি চিনির দর কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চিনিকলে উৎপাদিত চিনির দাম কমিয়েছে শিল্প মন্ত্রণালয়। প্রতি কেজিতে ১০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কিন্তু এর পরও ডিলাররা সামান্য পরিমাণে চিনি তুলেছেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) কর্মকর্তারা বলছেন, এত দিন ডিলাররা দাম কমানোর দাবি জানিয়েছেন, কিন্তু এখন দাম কমানো হলেও তাঁরা চিনি তুলছেন না।

অন্যদিকে ডিলাররা বলছেন, শিল্প মন্ত্রণালয় যে দাম নির্ধারণ করেছে, সেটা ঠিকই আছে। কিন্তু বেসরকারি চিনিকলগুলোও পাল্লা দিয়ে চিনির দাম কমিয়েছে। ফলে সরকারি এই চিনি বাজারে বিক্রি করা তাঁদের পক্ষে সম্ভব হবে না। তাই চিনি উত্তোলনে তাঁদের আগ্রহ কম।

 ২০১২-১৩ আখমাড়াই মৌসুমে রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলে চিনি উৎপাদিত হয় এক লাখ ছয় হাজার ৬৪৩ টন। ডিলাররা এ থেকে কোনো চিনিই তোলেননি। কিছু চিনি তুলেছে সেনা ও নৌবাহিনী, পুলিশ এবং বিজিবি। এর মধ্যেই চলতি মৌসুমের উৎপাদন শুরু হয়েছে। ফলে আগের চিনি বিক্রি না হওয়ায় বিপাকে পড়ে চিনি করপোরেশনও।

এরই পরিপ্রেক্ষিতে চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেয় শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, ৯ ফেব্রুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সরকারি চিনিকলে উৎপাদিত চিনির দাম নির্ধারণ করেন ৪০ টাকা। ডিলাররা এই চিনি বিক্রি করবেন ৪২ টাকায় (মুনাফা ও যাতায়াত খরচসহ)। আগে এই দর ছিল ৫০ টাকা।

চিনি করপোরেশন সূত্র জানায়, সরকারি চিনিকলগুলোতে গতকাল মঙ্গলবার পর্যন্ত এক লাখ ৮৭ হাজার ৩৮২ টন চিনির মজুত রয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে উৎপাদিত চিনির পরিমাণ প্রায় ৮২ হাজার টন।  চিনির দাম কমানোর ঘোষণার পর থেকে নয় দিনে মাত্র ১৫৯ টন চিনি তুলেছেন ডিলাররা।

সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ডিলারদের দাবির পরিপ্রেক্ষিতেই মন্ত্রী চিনির দাম কমিয়েছেন। কিন্তু এখন তাঁরাই এই চিনি তুলছেন না। এখনো তাঁরা বেসরকারি চিনিকলের চিনির দাম কমসহ নানা অজুহাত দেখাচ্ছেন।’

বাংলাদেশ চিনি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকার চিনির দাম কমিয়েছে, এটা খুশির খবর। কিন্তু পাইকারি বাজারে আজকে চিনির কেজি ৩৮ টাকা ৭২ পয়সা। এখন ৪০ টাকায় চিনি কিনে আমি তো তা বিক্রি করতে পারব না।’

এত দিন চিনির দাম না কমানোর আরেকটি কারণ ছিল। বাণিজ্য মন্ত্রণালয় ৫০ হাজার টন চিনি রপ্তানির অনুমোদন দিয়েছে করপোরেশনকে।সেই চিনি দেশবন্ধু সুগার মিলের মাধ্যমে রপ্তানিও শুরু হয়। সূত্র জানায়, প্রতি কেজি চিনি রপ্তানির বিপরীতে ৫৩ টাকা করে পায় করপোরেশন।তাই ডিলারদের কাছে বিক্রির চেয়ে একেই বেশি লাভজনক মনে করছে করপোরেশন। সেজন্য দামও কমানো হয়নি, যেন ডিলাররা চিনি না তোলেন।

কিন্তু দেশবন্ধু ২৫ হাজার টন চিনি নেওয়ার পর বাকিটা নিতে চাইছে না। ফলে এই চিনি নিয়ে জটিলতা তৈরি হয়, মজুতও বাড়ে। মজুত চিনি বিক্রির জন্যই মন্ত্রণালয় দাম কমাল বলে মনে করা হচ্ছে।